আগামী ২রা নভেম্বর নির্মাণাধীন দোহাজারী-কক্সবাজার রেললাইনে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হবে। ওই দিন চট্টগ্রাম স্টেশন থেকে ট্রেন কক্সবাজার যাবে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এই রেললাইনের উদ্বোধন করবেন ১২ই নভেম্বর।
আজ সোমবার (১৬ই অক্টোবর) সকালে চট্টগ্রামের কালুরঘাট রেলসেতু এলাকায় রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন সাংবাদিকদের এসব তথ্য জানান। কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতুর সংস্কারকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী এ সময় জানান, ২রা নভেম্বরের আগে কালুরঘাট সেতুর সংস্কারকাজ শেষ হয়ে যাবে। আর ২রা নভেম্বর চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ১লা সেপ্টেম্বর থেকে রেললাইনে পাথর দেওয়ার কাজও শুরু হয়েছে। এই পাথর আনা হয়েছে সিলেট থেকে। এর মধ্যে পটিয়া স্টেশন থেকে কাঞ্চননগর এবং বেঙ্গুরা পর্যন্ত প্রতিদিন লাইনে পুরোদমে পাথর বিছানোর কাজ চলছে।
রেলওয়ের কর্মকর্তারা জানান, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০১ কিলোমিটার লাইনের মধ্যে মোট প্রকল্পের কাজ ৯২ শতাংশ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
প্রায় ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন প্রকল্পটির কাজ ২০১৮ সালে শুরু হয়। আগামী বছরের জুন পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ থাকলেও তার আগে আগামী ডিসেম্বরের দিকে পুরোপুরি কাজ শেষ হবে। বাণিজ্যিক ভিত্তিতে চালানোর জন্য তার আগেই বুঝিয়ে দেওয়া যাবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।