ঈদুল আজহা উপলক্ষ্যে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের সরকারি ছুটি চলছে। তবে ছুটির মাঝেও সীমিত পরিসরে আজ বুধবার (১১ জুন) শিল্প ও বাণিজ্যিক এলাকায় বিভিন্ন ব্যাংকের কয়েকটি শাখা খোলা আছে।
আমদানি-রফতানি ও বৈদেশিক লেনদেন নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। যদিও আজ দিনের শুরুতে এসব শাখায় গ্রাহক উপস্থিতি তেমন দেখা যায়নি।
আগামীকাল (১২ জুন) বৃহস্পতিবারও খোলা থাকবে এসব শাখা। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাংকগুলোর শাখাতে লেনদেন চলবে। আর ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত।
এর আগে, সরকারি ছুটির মধ্যে ৫ জুন সীমিত পরিসরে ব্যাংক খোলা ছিল।
গত (২৫ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব সাইট সুপারভিশন থেকে সীমিত পরিসরে ব্যাংকের শাখা খোলা থাকবে এসংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীরা বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন। ব্যাংক কম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক।