শেয়ার বাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের ক্রাউন সিমেন্ট পিএলসি একটি ব্যবহৃত সমুদ্রগামী মাদার ভেসেল কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পর্ষদ সার্কুলেশন রেজুলেশনের মাধ্যমে এ সিদ্ধান্ত অনুমোদন করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, ৫৩ হাজার ৫৬৯ টন বহন ক্ষমতা সম্পন্ন একটি ব্যবহৃত সমুদ্রগামী মাদার ভেসেল কিনবে ক্রাউন সিমেন্ট। এটি কিনতে কোম্পানিটির ব্যয় হবে ১৪৭ কোটি ৬০ লাখ টাকা।
আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ক্রাউন সিমেন্টের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৫ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ২৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৩ টাকা ১১ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে ক্রাউন সিমেন্টের ইপিএস হয়েছে ৪.৫২ টাকা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬২.৬৬ টাকা।
ক্রাউন সিমেন্ট পিএলসি ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়, ক্রাউন সিমেন্টের অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৪৮ কোটি ৫০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৪০২ কোটি ১৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৪ কোটি ৮৫ লাখ। এর ৫২.২২ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৮.৫৮, বিদেশী বিনিয়োগকারী ০.০৫ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৯.১৫ শতাংশ শেয়ার রয়েছে।