সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে উচ্চ শব্দে গান-বাজনায় নিষেধাজ্ঞা আরোপ করেছে উপজেলা প্রশাসন।
গতকাল মঙ্গলবার (১০ জুন) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম।
মূলত জীববৈচিত্র্য রক্ষা ও হাওরতীরবর্তী মানুষের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নিষেধাজ্ঞা অমান্য করলে তাকে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছে তাহিরপুর উপজেলা প্রশাসন।
এর আগে হাওরে ঘুরতে আসা পর্যটকদের বিজ্ঞপ্তি দিয়ে সতর্ক করেছে জেলা প্রশাসন। জেলার তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রী লেক ও বারিকাটিলায় পর্যটন স্পটে রাতযাপন করতে হাউসবোর্টে অবস্থান করতে হয়। সেখানে পর্যটকরা নানান রকমের হয়রানির মধ্যে পড়তে হয়। যান্ত্রিক ত্রুটির কথা বলে নির্ধারিত স্থানে নিয়ে যান না চালকরা।
বিভিন্ন সময় অতিরিক্ত আর্থিক সুবিধা গ্রহণ করে চুক্তি লঙ্ঘন করেন কোনো কোনো হাউসবোট চালক।
এ ছাড়া বিজ্ঞপ্তিতে হাউসবোটে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে জেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানো পরামর্শ দেওয়া হয়।