বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে আবারও সোনার দাম কমিয়েছে।
সর্শেষ নির্ধারিত দামের চেয়ে প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনায় ১৮৫ টাকা কমানো হয়েছে। নতুন দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার অলংকার বিক্রি হবে ১৯ হাজার ৭৮৫ টাকায়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। এর আগে গত শনিবার (২৬ সেপ্টেম্বর) সোনার দাম কমিয়েছিল বাজুস।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সোমবার সকাল ৯টায় বৈঠক করে নতুন দাম নির্ধারণ করে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট হলমার্ক করা প্রতি গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৭৮৫ টাকা। সেই হিসাবে এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম দাঁড়াচ্ছে প্রায় ২ লাখ ৩০ হাজার ৭৭০ টাকা। এর সঙ্গে অলংকারের নকশা অনুযায়ী মজুরি যোগ হবে।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ১৮ হাজার ৮৯৫ টাকা, ১৮ ক্যারেটের ১৬ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১৩ হাজার ২২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২৬ সেপ্টেম্বর ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ছিল ১৯ হাজার ৯৭০ টাকা। ওই দিন প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছিল ১ হাজার ৬৯১ টাকা। নতুন করে দাম কমায় দুই দিনের ব্যবধানে ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে দাম কমেছে প্রায় ২ হাজার ১৫৯ টাকা।
সোনার পাশাপাশি রুপার অলংকারের দামও কমিয়েছে বাজুস।
নতুন দামে ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার অলংকার ৩৮৫ টাকা, ২১ ক্যারেট ৩৭০ টাকা, ১৮ ক্যারেট ৩২০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২৬ সেপ্টেম্বর ২২ ক্যারেট রুপার প্রতি গ্রাম দাম ছিল ৪১৫ টাকা। অর্থাৎ দুই দিনের ব্যবধানে প্রতি গ্রাম রুপার দাম কমেছে ৩০ টাকা।
আলাদা করে ভ্যাট নেওয়া যাবে না
বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে। তবে নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
পুরোনো স্বর্ণের অলংকার বদলের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ এবং পুরোনো অলংকার কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।
পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত নতুন দাম কার্যকর থাকবে।