আলোচিত ও সমালোচিত ইসলামী ব্যাংক বাংলাদেশ চলতি বছরের প্রথম ছয় মাসে সমন্বিতভাবে ১ হাজার ৩১৬ কোটি ৪৮ লাখ টাকা লোকসান করেছে।
গত বছরের একই সময়ে ব্যাংকটি ৬৭ কোটি ৪০ লাখ টাকা মুনাফা করেছিল। ফলে এক বছরের ব্যবধানে ব্যাংকটির আর্থিক অবস্থার বড় ধরনের অবনতি হয়েছে।
গতকাল বুধবার (২৯ জুলাই) প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের বৈঠক শেষে প্রকাশিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
টিবিএস এক প্রতিবেদনে জানায়, ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান (ইপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ১০ পয়সা। এর আগে চলতি বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটি ২৮৮ কোটি টাকা লোকসান করলেও দ্বিতীয় প্রান্তিকে লোকসান বেড়ে দাঁড়ায় ১ হাজার ২৮ কোটি ২৬ লাখ টাকা।
সহযোগী প্রতিষ্ঠান বাদ দিয়ে একক হিসাবেও ব্যাংকটির ছয় মাসের লোকসান হয়েছে ১ হাজার ৩২৬ কোটি ৮১ লাখ টাকা। এ সময়ে একক শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৮ টাকা ২৪ পয়সা।
বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, গত পাঁচ বছরই মুনাফায় ছিল ইসলামী ব্যাংক। এর মধ্যে ২০২৫ সালে ১৩৬ কোটি ৩৪ লাখ, ২০২৪ সালে ১০৮ কোটি ৭৮ লাখ এবং ২০২৩ সালে সর্বোচ্চ ৬৩৫ কোটি ৩৩ লাখ টাকা মুনাফা করে ব্যাংকটি।
ব্যাংকটির ভাষ্য, আমানতের বিপরীতে মুনাফা পরিশোধের ব্যয় বৃদ্ধি, খেলাপি বিনিয়োগ বাড়ায় বিনিয়োগ আয় কমে যাওয়া এবং অন্যান্য ব্যাংকে রাখা অর্থ থেকে আয় হ্রাস পাওয়ায় এ লোকসান হয়েছে।