মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে এবার তেলের দাম ব্যারেল প্রতি ৩ ডলারের বেশি বেড়েছে। ইসরাইলের নতুন হামলা এবং ইরানে বিস্ফোরণের খবরের পর সরবরাহ সংকট নিয়ে উদ্বেগ বাড়ায় তেলের বাজারে এ ঊর্ধ্বগতি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৮ জুন) ব্রেন্ট ক্রুডের দাম ৩.২০ ডলার বা ৩.৩৯ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯৬.২৪ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ২.৮৭ ডলার বা ৩.১৭ শতাংশ বেড়ে ৯৩.৪১ ডলারে ওঠে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনের আশা তৈরি হওয়ায় গত শুক্রবার তেলের দাম কমেছিলো। তবে মার্চ থেকে এখন পর্যন্ত তেলের দাম ৫০ শতাংশের বেশি বেড়েছে।
সোমবার ভোরে ইরানের রাজধানী তেহরান, তাবরিজ ও ইসফাহানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে চলমান যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। পাশাপাশি বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহনের প্রধান পথ হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ স্বাভাবিক হওয়ার আশাও ক্ষীণ হয়েছে।
যদিও রবিবার ইরান ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বৃহত্তর সংঘাতের অবসানে একটি চুক্তি এখনও সম্ভব।
তিনি জানান, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নতুন হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।