পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি করপোরেট প্রধান কার্যালয়ের জন্য রাজধানী মতিঝিলে একটি বাণিজ্যিক ভবন কেনার সিদ্ধান্ত নিয়েছে । এ ভবন কিনতে ব্যাংকটির সম্ভাব্য ব্যয় হতে পারে ১ হাজার ১৬ কোটি ২১ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, মতিঝিলে সাড়ে ২১ তলা ভবন কিনবে ডাচ্-বাংলা ব্যাংক। ভবনের মোট আয়তন ২ লাখ ৭ হাজার ৩৪০ বর্গফুট। এর মধ্যে ১ লাখ ৭৬ হাজার ৩০০ বর্গফুট ফ্লোর স্পেস এবং ৩১ হাজার ৪০ বর্গফুট বেজমেন্ট। এ সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।
২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ্-বাংলা ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ৯৬৬ কোটি ৭০ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪ হাজার ১৯৩ কোটি ১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৯৬ কোটি ৬৭ লাখ ১ হাজার ১৩৯। এর ৮৩.৫৬ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬.৮০ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ০.০৩ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৯.৬১ শতাংশ শেয়ার রয়েছে।