আজ বুধবার (০৩ সেপ্টেম্বর)সপ্তাহের চতুর্থ কর্মদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ সিকিউরিটিজের শেয়ার দর।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনেও গতি বেড়েছে। গত সপ্তাহের গড়া বছরের সর্বোচ্চ টার্নওভারের রেকর্ড ভেঙে আজ চলতি বছরের মধ্যে প্রথমবার শেয়ারবাজারে প্রায় ১৪০০ কোটি টাকার লেনদেন হয়েছে। যে কারণে আশাবাদী হয়ে উঠছেন বিনিয়োগকারীরা।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, এই ধারা অব্যাহত থাকলে অচিরেই সূচক ও লেনদেন নতুন রেকর্ড ছুঁতে পারে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ লেনদেন শুরু হয় সূচকের উত্থানের মধ্য দিয়ে। এরপর কিছুটা ওঠানামা করলেও দুপুর পৌনে ১২টার পর সূচক নিম্নমুখী হতে থাকে। তবে সাড়ে ১২টার পর আবার ঘুরে দাঁড়ায় বাজার এবং দিনশেষে সূচক ও লেনদেন উভয়ই বেড়ে যায়। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর বাড়ে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১০.৬৯ পয়েন্ট। এর ফলে সূচক দাঁড়িয়েছে ৫৬৩১.৬১ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক ০.৫৪ পয়েন্ট বেড়ে ১২৩৩.৬৮ পয়েন্টে অবস্থান করে। আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ০.৭২ পয়েন্ট, যা দাঁড়িয়েছে ২১৯৫.৮৩ পয়েন্টে।
লেনদেনের দিক থেকেও উন্নতি লক্ষ্য করা গেছে। আজ ডিএসইতে ১ হাজার ৩৯৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। যা আগের দিনের তুলনায় ১১৯ কোটি ৫০ লাখ টাকা বেশি।গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ১ হাজার ২৭৮ কোটি ৬ লাখ টাকার।
আজ মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৮৪টির দর বেড়েছে, ১৬৫টির কমেছে এবং ৪৭টির দর অপরিবর্তিত ছিল।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেনেও উন্নতি হয়েছে। এদিন সিএসইতে ২১ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ১৪ কোটি ৭৯ লাখ টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
মোট ২৪২টি কোম্পানির শেয়ার লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত ছিল ২৫টির।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭০.৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭২৩.৪৪ পয়েন্টে। আগেরদিন এই সূচক বেড়েছিল ৭৪.৪৭ পয়েন্ট।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।