চীনের নজরদারি বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীদের অনলাইন কার্যকলাপের ওপর কেবল বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের মধ্যে আর সীমাবদ্ধ নেই, এমনকি অনলাইন গেমের মাধ্যমেও চলছে নজরদারি।
সম্প্রতি অস্ট্রেলিয়ার এক সমীক্ষায় এমন দাবি করা হয়েছে।
চীনা মালিকানাধীন জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক নিয়ে আমেরিকায় বিতর্কের মধ্যে এবার নতুন এই অভিযোগ উঠল। টিকটকের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য নিতে পারে চীন, এমন অভিযোগে অ্যাপটি নিষিদ্ধ করতে সম্প্রতি আইনও পাস করেছে আমেরিকা।
গবেষণা সংস্থা অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের এক সমীক্ষায় বলা হয়, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও জনপ্রিয় অনলাইন গেম থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে বেইজিংয়ের কর্মকর্তারা চীনের একাধিক প্রযুক্তি কোম্পানির সঙ্গে হাত মিলিয়েছে। এই তালিকায় আছে রাইড-শেয়ারিং অ্যাপ ‘ডিডি’, জনপ্রিয় গেম ‘জেনশিন ইমপ্যাক্ট’ ও জনপ্রিয় ই-কমার্স সাইট ‘তেমু’।
গত ২ মে প্রকাশিত ওই সমীক্ষায় দাবি করা হয়, চীনের লক্ষ্য হলো গণমাধ্যম, গেমিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন অন্যান্য প্রযুক্তি থেকে কৌশলগতভাবে মূল্যবান তথ্য সংগ্রহ করা। এর মধ্যে রয়েছে বৈশ্বিক তথ্যভাণ্ডার পুননির্মাণে প্রভাব বিস্তার, আন্তর্জাতিক অঙ্গনে ক্ষমতা শক্তিশালী করা, নিজেদের কর্মকাণ্ডকে বৈধতা দেওয়া এবং অন্যান্য দেশে চীনের সাংস্কৃতিক, প্রযুক্তিগত, অর্থনৈতিক ও সামরিক প্রভাব সম্প্রসারণ করা।
এই সমীক্ষায় আরও বলা হয়েছে, ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে তা চীনের কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হতে পারে আশঙ্কায় টিকটককে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তবে সমস্যা টিকটকের চেয়েও অনেক গভীরে ছড়িয়েছে। ভবিষ্যতে চীনের তথ্য সংগ্রহের পদক্ষেপকে রুখতে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে ও পাল্টা পদক্ষেপ নিতে নীতি-নির্ধারকদের প্রতি অনুরোধ করা হয়েছে সমীক্ষায়।
এদিকে চীনা কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে চীন এর আগে বিভিন্ন ভূ-রাজনৈতিক সমস্যা ও বাণিজ্যিক বিতর্ক নিয়ে অস্ট্রেলিয়া সরকারের বিরুদ্ধে ‘চীন-বিরোধী’ মনোভাবের অভিযোগ তুলেছিল।
সূত্র: ভয়েস অব আমেরিকা
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।