গাজীপুর সিটি করপোরেশনের বঙ্গতাজ মিলনায়তনে স্থাপিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হয়েছে। তবে তাঁর মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
আজ রোববার সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই করে এই সিদ্ধান্তের কথা জানান সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম।
গাজীপুর সিটি করপোরেশনের বঙ্গতাজ মিলনায়তনে স্থাপিত সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই যাচাই-বাছাই চলছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম।
রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ঋণখেলাপি হওয়ায় জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আজ সকাল থেকেই গাজীপুর সিটি নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৮ই মে। প্রতীক বরাদ্দ হবে ৯ই মে। আগামী ২৫শে মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার জন্য দলীয় মনোনয়ন চেয়েছিলেন জাহাঙ্গীর আলম। তবে দল মনোনয়ন দিয়েছে মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খানকে।
১৫ই এপ্রিল বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকেই গুঞ্জন চলছিল স্বতন্ত্র প্রার্থী হতে পারেন জাহাঙ্গীর। সেই গুঞ্জন সত্যি করে গত বুধবার মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত জাহাঙ্গীর আলম।
তাঁর হয়ে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাঁর প্রতিনিধি। জাহাঙ্গীরের মা জায়েদা খাতুনের নামেও মেয়র পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এরপর গত বৃহস্পতিবার বেলা ৩টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন জাহাঙ্গীর আলম। পরে তিনি সাংবাদিকদের বলেন, নৌকার বিরুদ্ধে নয়, ব্যক্তির বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছেন।