শেয়ারবাজারে শুধু সমস্যা চিহ্নিত করাই নয়, বরং তার কার্যকর সমাধান বের করাকেই অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। একই সঙ্গে বাজারকে আরও গতিশীল, বিনিয়োগবান্ধব ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে একাধিক সংস্কার উদ্যোগের ইঙ্গিত দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২ জুলাই) ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন (ডিবিএ) আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব শুধু আইন প্রয়োগ করা নয়, বরং বাজারের উন্নয়নের পথ সহজ করে দেওয়া।
মাসুদ খান বলেন, “আমি আমার টিমকে বলেছি, সল্যুশন মাইন্ডেড হতে। আইন আছে, আইনের ভেতরেই সমাধানও আছে। আজকের বড় বড় প্রতিষ্ঠানগুলো সমস্যার নয়, সমাধানের চিন্তা করে। আমাদেরও সেই পথেই এগোতে হবে।”
তিনি আরও বলেন, তার দীর্ঘ পেশাগত জীবনে একটি বিষয় তিনি উপলব্ধি করেছেন, কেউ সমস্যার বর্ণনা শুনতে আসে না, সবাই সমাধান প্রত্যাশা করে। তাই কমিশনের প্রতিটি সিদ্ধান্ত হবে বাস্তবমুখী ও সমাধানকেন্দ্রিক।
বিএসইসি চেয়ারম্যান জানান, তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রেও পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। বর্তমান তিন মাস অন্তর বিস্তারিত আর্থিক প্রতিবেদন প্রকাশের পরিবর্তে ভবিষ্যতে ছয় মাস অন্তর পূর্ণাঙ্গ আর্থিক প্রতিবেদন প্রকাশের বিষয়ে কমিশন কাজ করছে। পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ব্যবস্থা চালুর লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।
নতুন কমিশনের কার্যক্রম প্রসঙ্গে মাসুদ খান বলেন, বর্তমান কমিশনের অন্যতম শক্তি হলো, এর সদস্যরা পুঁজিবাজারের বাস্তব অভিজ্ঞতা থেকে উঠে এসেছেন।
তিনি বলেন, “আমরা আপনাদের মধ্য থেকেই এসেছি। তাই বাজারের অংশীজনদের সমস্যা, চ্যালেঞ্জ ও প্রত্যাশা আমরা খুব ভালোভাবেই জানি। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাজারের আস্থা ফিরিয়ে আনতে চাই।”
অনুষ্ঠানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলামও পুঁজিবাজার নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, সরকার এখন পুঁজিবাজারকে অর্থনৈতিক উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করছে এবং ঋণনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে বাজারভিত্তিক অর্থায়ন ব্যবস্থাকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, নীতিনির্ধারণে পুঁজিবাজারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া, সরকারকে বাজারের সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে ভূমিকা রাখা এবং একটি স্বাধীন ও শক্তিশালী নিয়ন্ত্রক কমিশন গঠন সময়ের দাবি। নতুন কমিশনের দক্ষতা ও অভিজ্ঞতার কারণে বাজারে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে।
ডিবিএ সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিএসইসির কমিশনার তানভীর হাবিব রহমান, নাহিদ মাহতাব, মো. নাফিজ আল তারিকসহ পুঁজিবাজারের বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।
বাজারসংশ্লিষ্টদের মতে, সমাধানমুখী নিয়ন্ত্রণ ব্যবস্থা, আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন এবং বাস্তবভিত্তিক সংস্কার উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়বে এবং বাজারের টেকসই উন্নয়নের পথ সুগম হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।