শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ পিএলসি গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি তাদের শেয়ারহোল্ডারদের জন্য মোট ৪০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল বুধবার (১১ মার্চ, ২০২৬) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, ঘোষিত ৪০ শতাংশ নগদ লভ্যাংশের মধ্যে ১৮ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ হিসেবে গত ডিসেম্বর ২০২৫-এ ইতোমধ্যে শেয়ার হোল্ডারদের প্রদান করা হয়েছে। আর ২২ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ এখন সাধারণ শেয়ার হোল্ডাররা পাবেন।
সমাপ্ত ২০২৫ হিসাববছরে কোম্পানিটি আগের বছরের তুলনায় ব্যবসায়িক প্রবৃদ্ধি বজায় রেখেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী:শেয়ার প্রতি আয় (EPS): ২০২৫ সালে সমন্বিতভাবে কোম্পানির ইপিএস হয়েছে ৪.৪০ টাকা, যা আগের বছর (২০২৪) ছিল ৩.২৯ টাকা ।
গত ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ৭.৩১ টাকা । নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৬.৪১ টাকা, যা আগের বছর ছিল ১৬.০১ টাকা ।
বিদায়ী বছরে কোম্পানিটি সমন্বিতভাবে ৫১০ কোটি ৮৪ লাখ টাকা মুনাফা করেছে। ২০২৪ সালে কোম্পানিটি মুনাফা করেছিল ৩৮২ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে লাফার্জহোলসিমের মুনাফা ১২৯ কোটি টাকা বা ৩৪ শতাংশ বেড়েছে।
লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটি আগামী ১৩ মে ২০২৬ (বুধবার) বিকাল ৩টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ২৮তম বার্ষিক সাধারণ সভা (AGM) আহ্বান করেছে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ এপ্রিল ২০২৬, অর্থাৎ ওই দিন যাদের কাছে কোম্পানির শেয়ার থাকবে, তারাই ঘোষিত চুড়ান্ত লভ্যাংশ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।
আর্থিক প্রতিবেদনের পাশাপাশি কোম্পানিটি জালালাবাদ গ্যাস (JGTDS) এর সাথে চলমান আইনি লড়াই ও গ্যাস বিক্রয় চুক্তির বিষয়ে বিশেষ তথ্য প্রকাশ করেছে। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে কোম্পানির পক্ষে রায় আসলেও বিষয়টি বর্তমানে স্থানীয় আদালতে বিচারাধীন এবং উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী কোম্পানি ৪,০০০ মিলিয়ন (৪০০ কোটি) টাকার ব্যাংক গ্যারান্টি প্রদানের প্রক্রিয়ায় রয়েছে।
উল্লেখ্য, গত বছর কোম্পানিটি যে মুনাফা করেছে তার ৯১ শতাংশই লভ্যাংশ হিসেবে শেয়ারধারীদের মধ্যে বিতরণ করবে কোম্পানিটি।
আজ কোম্পানিটি নো লিমিট প্রাইজে লেনদেন হবে। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ারের দাম বাজারের চাহিদা ও যোগান অনুযায়ী যেকোনো পর্যায়ে উঠতে বা নামতে পারবে। তবে পরবর্তী কার্যদিবস থেকে পুনরায় স্বাভাবিক সার্কিট ব্রেকার কার্যকর হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।