এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। একই সঙ্গে কমেছে জিপিএ–৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যাও।
গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ–৫—দুই সূচকেই পতন হয়েছে।
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। গত বছর এই হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে এবার জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন। অর্থাৎ এবার জিপিএ–৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ১৯ হাজার ৯ জন।
এবার ১১টি শিক্ষা বোর্ডের ৬৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছর শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৩৪টি। অর্থাৎ এবার এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ১৭৮টি।
কারিগরি শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। এ বোর্ডে জিপিএ–৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ এবং জিপিএ–৫ পেয়েছে ৬ হাজার ৭১৬ জন।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল এবং শেষ হয় ২০ মে। নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর এবার ফল প্রকাশ করা হলো।