রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম পাঁচ দিন বন্ধ থাকবে ডেটা সেন্টার স্থানান্তরের জন্য।
গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, রূপালী ব্যাংকের ডেটা সেন্টার যেন নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে স্থানান্তর করা যায়, সে লক্ষ্যে ৪ থেকে ৮ জুলাই পর্যন্ত ব্যাংকটির সব ধরনের লেনদেন ও ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
ডেটা সেন্টার হলো ব্যাংকের সব তথ্য ও প্রযুক্তিনির্ভর সেবার কেন্দ্রবিন্দু। এটি স্থানান্তরের কারণে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, এটিএম, মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিংসহ সব ধরনের ডিজিটাল ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। এরপর ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিকভাবে আবার শুরু হবে।
স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ১৯৭২ সালের ২৬ মার্চ যাত্রা শুরু হয় রূপালী ব্যাংকের। ওই সময়ে পাকিস্তান আমলে পরিচালিত তিনটি বাণিজ্যিক ব্যাংক-মুসলিম কমার্শিয়াল ব্যাংক, অস্ট্রেলেশিয়া ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংককে একীভূত করে গঠন করা হয় রূপালী ব্যাংক। প্রতিষ্ঠাকালে এটি ছিল রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক; পরে ১৯৮৬ সালের ডিসেম্বরে এটিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত করা হয়।