প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনার পাল্টা জবাবে বিএনপি দলের নেতাকর্মীদের উদ্দেশে করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
তিনি বলেন, ‘জাতির পিতার কন্যাকে নিয়ে যে অশ্লীল স্লোগান দিচ্ছে, বাজে কথা বলছে আমাদের সেটা মেনে নেওয়ার মতো ধৈর্য থাকার কথা না। নারায়ণগঞ্জে অনেক বড় বড় নেতা আছে। কেউ প্রতিবাদ করে না, কারণ ওনারা নেতা। আর আমি নেতা না, কর্মী ছিলাম কর্মী আছি। কর্মীরা যদি বলে বসে, নেত্রীকে নিয়ে গালাগাল হচ্ছে এখন তো বসে থাকার কথা না। তাহলে ওনাদের উদ্দেশ্যে বলতে চাই, রাস্তায় তো দূরের কথা ঘরে থাকতে পারবেন না পরিষ্কার বাংলায় বলে দিলাম।’
গতকাল শনিবার (৩রা জুন) সকালে নারায়ণগঞ্জের জালকুড়ি আরকে ল্যান্ড পার্কে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলে তিনি।
বিএনপি দল আগামীতে ক্ষমতায় আসবে না চ্যালেঞ্জ করে শামীম ওসমান বলেন, ‘আল্লাহর উপর ভরসা রেখে, জনগণের ওপর ভরসা রেখে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের ওপর ভরসা রেখে বলতে চাই। বাংলাদেশে আগামী নির্বাচন তো দূরের কথা, এরপরের নির্বাচনেও বিএনপি ক্ষমতায় আসবে না। এটা আমার চ্যালেঞ্জ রইলো আপনাদের সামনে। বিএনপি ক্ষমতায় আসতে পারবে না এবং আসবেও না। ওরা কী করবে? ওরা আগের চেয়ে ভয়াবহ ঘটনা ঘটানোর চেষ্টা করবে এবং বিভিন্ন ভাবে অপপ্রচার করবে।’
বিএনপি দলকে ইঙ্গিত করে শামীম ওসমান বলেন, ‘ওরা ঈদের আগে এই সোমবার থেকে চেষ্টা করবে নাশকতা করার, কিন্তু পারবে না। জুন, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে তারা একটা নাশকতা করে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করবে। ওরা যদি সাহস করে ঢাকায় নামে, আমাদের কাজ হচ্ছে ঢাকা দখল করে বাঁশের মধ্যে তেল লাগিয়ে বসে থাকা। আয় নাম দেখি তোদের কতটুকু ক্ষমতা, আমরা খেলতে পারি কী না। কিছু দেশের সহযোগিতায় ওনারা অনেক কিছু করবেন বাংলাদেশকে অচল করার জন্য। সারা বিশ্বে অর্থনৈতিক ক্রাইসিস চলছে। ঠিক সেই সুযোগে তারা বাংলাদেশে কিছু ঘটাতে চায়। তবে আমরা চেষ্টা করেছি নারায়ণগঞ্জে রাজনৈতিক পরিবেশ বজায় রাখার।’
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।