বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করেছে বহুল আলচিত রয়্যাল এনফিল্ড। ইতিমধ্যে লঞ্চ হয়েছে ব্র্যান্ডের চারটি মডেলের মোটরসাইকেল। এই মোটরসাইকেলগুলোর দাম রাখা হয়েছে ৩ লাখ ৪০ হাজার থেকে ৪ লাখ ৩৫ হাজার টাকার মধ্যে।
গত সোমবার (২১ অক্টোবর) দুপুরে তেজগাঁওয়ে অবস্থিত রয়্যাল এনফিল্ডের ফ্ল্যাগশিপ শোরুমে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে দেশের বাজারে মোটরসাইকেলগুলো লঞ্চ করা হয়।
বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের একমাত্র প্রস্তুতকারক ও পরিবেশক ইফাদ মোটরস লিমিটেড। বাংলাদেশের বাজারের জন্য ৩৫০ সিসির হান্টার, ক্লাসিক, বুলেট ও মিটিয়র মডেলের মোটরসাইকেল লঞ্চ করেছে প্রতিষ্ঠানটি।
দেশের বাজারে রয়্যাল এনফিল্ড, ক্রয়ের বুকিং শুরু আজ
ইফাদ মোটরস লিমিটেডের রয়্যাল এনফিল্ড বিভাগের হেড অব বিজনেস মমিনুর রহমান তানভীর জানান, বাজারে হান্টার মডেলের দাম শুরু হবে তিন লাখ ৪০ হাজার টাকা থেকে। ক্লাসিক মডেলের দাম শুরু হবে চার লাখ ৫ হাজার টাকা থেকে, বুলেট মডেলের দাম শুরু হবে চার লাখ ১০ হাজার টাকা থেকে ও মিটিয়র মডেলের দাম শুরু হবে চার লাখ ৩৫ হাজার টাকা থেকে।

বাংলাদেশের বাজারে আলোচিত এই মোটরসাইকেল এনেছে ইফাদ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইফাদ মোটরস। সপ্তাহজুড়ে তরুণ ও বাইকপ্রেমীদের কাছে রয়্যাল এনফিল্ডই ছিল আলোচনার কেন্দ্রে। তরুণ ও বাইকপ্রেমীদের তুমুল এই আগ্রহে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইফাদ অটোসের শেয়ারের প্রতিও বিনিয়োগকারীদের আগ্রহ বেড়ে যায়। যে কারণে শেয়ার বাজারে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে।
বাংলাদেশের বাজারে রয়্যাল এনফিল্ড লঞ্চ হওয়ার খবরে ডিএসইতে গত সপ্তাহে মূল্যবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইফাদ অটোস। সপ্তাহজুড়ে চলতে থাকা দরপতনের মধ্যেও কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ৫.৩০ টাকা বা ২৪ শতাংশের বেশি বেড়েছে। সপ্তাহ শেষে ইফাদ অটোসের দাম বেড়ে দাঁড়ায় ২৭.৩০ টাকা ।
ইফাদ অটোস পিএলসির (IFADAUTOS) কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, রয়্যাল এনফিল্ড নিয়ে তরুণদের মধ্যে ব্যাপক সাড়া পড়লেও তাতে লাভবান হবে না শেয়ারবাজারে তালিকাভুক্ত একই গ্রুপের প্রতিষ্ঠান ইফাদ অটোস পিএলসি (IFADAUTOS)। কারণ, রয়্যাল এনফিল্ড বাজারজাতের সঙ্গে যুক্ত রয়েছে একই গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইফাদ মোটরস লিমিটেড, আর শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস পিএলসি (IFADAUTOS)। একই গ্রুপের প্রতিষ্ঠান হলেও দুই কোম্পানির ব্যবসা ও আর্থিক হিসাবও আলাদা। ফলে এই মোটরবাইক বিক্রির আর্থিক কোনো সুবিধা পাবে না ইফাদ অটোস পিএলসি (IFADAUTOS)। এই সুবিধা পাবে গ্রুপের অন্য প্রতিষ্ঠান ইফাদ মোটরস লিমিটেড।
বিনিয়োগকারীদের বেশির ভাগেরই ধারণা ছিল রয়্যাল এনফিল্ড বিক্রির সুফল ইফাদ অটোস পাবে। এ কারণে কোম্পানির আয় বা ব্যবসা বাড়তে পারে,যে কারণে বিনিয়োগকারীদের মধ্যে কোম্পানিটির শেয়ার নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়। তবে রয়্যাল এনফিল্ড বাজারজাতকারী ইফাদ মোটরসের সঙ্গে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইফাদ অটোসের ব্যবসায়িক কোনো সম্পর্ক নেই। দুটি প্রতিষ্ঠান একই গ্রুপের হলেও ব্যবসা ভিন্ন ভিন্ন। ফলে রয়্যাল এনফিল্ডের বিক্রির কোনো সুফল ইফাদ অটোস পাবে না।
প্রসঙ্গত, ১২৩ বছর আগে ইংল্যান্ডে রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেল উৎপাদনের যাত্রা শুরু হয়। মূলত সামরিক ব্যবহারের জন্য মোটরসাইকেলটির উৎপাদন শুরু হয়। এটি এখনো চালু থাকা বিশ্বের প্রাচীনতম জায়ান্ট টু-হুইলার ব্র্যান্ড।