লিওনেল মেসি কোথাও যাবেন, তাঁকে নিয়ে উন্মাদনা মাত্রা ছাড়াবে না তা কী করে হয়! আর্জেন্টিনার অধিনায়ক তো মায়ামিতে বেড়াতে যাননি। ইন্টার মায়ামির হয়ে খেলবেন। তাঁকে বরণ করে উদ্যাপনটা তেমনই হওয়ার কথা।
মেসির আগমন সাজসাজ রব ফেলেছে মায়ামিতে। মাঠের লড়াইয়ে মোটামুটি ব্যর্থ একটা দলকে নিয়ে এমন আগ্রহ সত্যিই অন্যমাত্রার। এরই মধ্যে মায়ামির সব ম্যাচের টিকিট বিক্রি হয়ে গেছে। তাদের স্টেডিয়ামেও তৈরি করা হচ্ছে নতুন গ্যালারি। মেসি যেখানে আসবেন, সেখানে ছোট গ্যালারি দিয়ে কী আর হয়! সেখানে তো বড় গ্যালারির প্রয়োজন।
মঙ্গলবার মেসির বিমান মায়ামির মাটি স্পর্শ করার সঙ্গে সঙ্গেই ভালোবাসার আয়োজন শুরু হয়। বিমানবন্দরটি মায়ামির মাঠ থেকে খুব বেশি দূরে নয়। বহু ভক্ত বিমানবন্দরে গিয়েছিলেন আর্জেন্টাইন তারকাকে স্বাগত জানাতে। গান ধরেছিলেন তাঁরা, ‘আমরা তোমার অপেক্ষায় আছি মেসি…!’

এমন অনেকে সেখানে গিয়েছিলেন, যাঁরা মেসিকে চোখের দেখাটাও দেখতে পাননি, ‘মেসিকে দেখিনি, তাতে কী হয়েছে! তাঁকে পরে দেখব, হয়তো ১০ দিন পর কিংবা এক মাস পর। আমরা এখানে এসেছি তাঁর জন্যই।’
মায়ামির ভক্তরা এখন মেসির অভিষেকের অপেক্ষায়। সে মাহেন্দ্রক্ষণ ২১ শে জুলাই—লিগ কাপে মায়ামির মুখোমুখি হবে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুল। সেই ম্যাচ আমেরিকান–মেক্সিকান–কানাডিয়ানসহ অনেকেরই মিলনমেলায় পরিণত হবে।
রাউল পাতিনো একজন আর্জেন্টাইন। প্রায় এক যুগ আগে ফ্লোরিডায় এসেছিলেন জীবিকার সন্ধানে। তিনি উচ্ছ্বসিত নিজের দেশের বিশ্বকাপজয়ী অধিনায়কের যুক্তরাষ্ট্রে আগমনে। তাঁর মতে, মেসির আগমন যুক্তরাষ্ট্রের ফুটবলের জন্য এক ঐতিহাসিক ঘটনা। রাউলের বিশ্বাস, মেসি ইন্টার মায়ামিতে খেলতে আসায় যুক্তরাষ্ট্রের ফুটবলের গুণগত পরিবর্তন ঘটবে, ‘মেসি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। ম্যারাডোনা কিংবা পেলের কাতারেই পড়েন তিনি। আগামী ১০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের ছোট ছোট বাচ্চাদের যদি আপনি জিজ্ঞেস করেন, তোমরা কোন খেলা পছন্দ কর, তাহলে তারা অবশ্যই ফুটবলের কথা বলবে। মেসির আগমনের প্রভাব এমনই।’
মেসি যদিও এখনো মাঠে নামেননি। কিন্তু এরই মধ্যে মেসির যুক্তরাষ্ট্রে আসার অর্থনৈতিক প্রভাবটা বোঝা যাচ্ছে। এরই মধ্যে ইন্টার মায়ামির ম্যাচের টিকিটের মূল্য কয়েক গুণ বেড়ে গেছে। ক্রুজ আজুলের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচটির টিকিটের মূল্য সাধারণ সময়ে ছিল ২৯ মার্কিন ডলার। সেটিই এখন মেসির কারণে বেড়ে দাঁড়িয়েছে ৩২৯ ডলারে। ইন্টার মায়ামিতে মেসি খেলবেন বার্সেলোনা ও আর্জেন্টিনার সাবেক কোচ জেরার্দো মার্টিনোর অধীন। একই সঙ্গে মায়ামিতে মেসির সতীর্থ হিসেবে থাকবেন সাবেক বার্সেলোনা তারকা সের্হিও বুসকেতস।
মায়ামির আর্টসি ওয়াইনুড এলাকায় মেসির বিশাল একটা পোট্রেট তৈরি করা হয়েছে। তাঁর এই বিশাল পোট্রেট এঁকেছেন একজন আর্জেন্টাইন। তাঁর নাম ম্যাক্সিমিলিয়ানো বাগনাস্কো। তবে এখন পর্যন্ত মেসির মুখের ছবিটিই আঁকা হয়েছে। বাগনাস্কো তাঁর গোটা শরীর আঁকার কাজ চালিয়ে যাচ্ছেন। এতে ইন্টার মায়ামির জার্সিতে দেখা যাবে মেসিকে।
মেসি এখনো মাঠেই নামেননি, কিন্তু তাঁকে নিয়ে উন্মাদনা শুরু হয়ে গেছে। মাঠে নামলে এ উন্মাদনা কোথায় গিয়ে ঠেকে—এখন দেখার বিষয় সেটিই।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।