দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছে।
আজ বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাজুসের নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ১৯ হাজার ২২০ টাকা। সে হিসাবে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৯৩ টাকা। এর আগে ৬ নভেম্বর নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ২৬ হাজার ৯৩৭ টাকা।
আজ বুধবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়। সভায় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে অলংকারের বিক্রয়মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ১৮ হাজার ৩৫৫ টাকা, ১৮ ক্যারেটের ১৫ হাজার ৭৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১২ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার পাশাপাশি রুপার দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ৩০০ টাকা, ২১ ক্যারেটের ২৯০ টাকা, ১৮ ক্যারেটের ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
দেশের বাজারে সোনার দাম কমালেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি, পূর্বের দামেই বিক্রি হবে রুপা।