দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তার প্রার্থিতা বাতিলই থাকছে।
আজ মঙ্গলবার (২রা জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত ২০শে ডিসেম্বর সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা ফেরত চেয়ে ফের আপিল বিভাগে আবেদন করা হয়। পরে ২১শে ডিসেম্বর আবেদনের শুনানি শেষে আজ আদেশের দিন নির্ধারণ করেছিলেন আদালত।
ওই দিন আদালতে সাদিক আব্দুল্লাহর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। অপরপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম।
দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে গত ১৭ই ডিসেম্বর উচ্চ আদালতে রিট করেন সাদিক আব্দুল্লাহ। ১৮ই ডিসেম্বর বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমান ও বিচারপতি মোঃ বশির উল্লাহর বেঞ্চ সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বৈধ ঘোষণা করে আদেশ দেন।
পরে সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কর্নেল জাহিদ ফারুক।
১৯শে ডিসেম্বর সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ বন্ধ হয়ে যায়। এই রায়ের বিরুদ্ধে আবারও আপিল করে হেরে গেলেন সাদিক আব্দুল্লাহ।
এর আগে গত ১৫ই ডিসেম্বর সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল করেছিল নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এ রায় দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন।
দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন কর্নেল জাহিদ ফারুক। অন্যদিকে জাহিদ ফারুক মামলার বিষয়ে তথ্য গোপন করেছেন অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিলের আপিল করেন সাদিক আব্দুল্লাহ। সেই আপিল নামঞ্জুর হয়। ফলে জাহিদ ফারুকের প্রার্থিতা বহাল থাকে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।