চন্দ্রবাবু নাইডু ২০১৮ সালে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ থেকে বেরিয়ে এলেও এবারের লোকসভা নির্বাচনের আগে আবার বিজেপির সঙ্গে হাত মেলান
ভোট গণনার পরদিনই বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার এবং তেলুগু দেশম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডু দুজনই আজ বুধবার ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) এর বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন।
হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে একথা জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আজ বিকেলে বৈঠকে বসছে ইন্ডিয়া জোটও।
গতকাল লোকসভা নির্বাচনের ভোট গণনায় মোদির দল বিজেপি এককভাবে সর্বোচ্চ সংখ্যক আসন পেলেও সরকার গঠনে দরকার হবে জোট সঙ্গীদের সমর্থন। আর অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইনডিয়া জোটের সামনেও রয়েছে সরকার গঠনের সুযোগ, তবে সেই জটিল অংক সমাধানেও সমানভাবে দরকার অন্যান্য দলের সমর্থন।
গণমাধ্যম ও ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে যাওয়া বিজেপি ২৪০টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে এনডিএর মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ২৯২টিতে।
কংগ্রেস জিতেছে ৯৯টি আসনে যা ২০০৯ সালের পর তাদের সেরা পারফরম্যান্স। সেইসঙ্গে জোটের আসন সংখ্যা দাঁড়িয়েছে ২৩৪টিতে।
অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর টিডিপির ১৬টি আসন এবং বিহারে নিতিশ কুমারের জেডি (ইউ) ১২টি আসন যেদিকে যাবে সরকার গঠনের দিকে তার পাল্লাই ভারি। আর তাই নীতীশ এবং নাইডু দুজনকেই জোটে ভেরাতে চায় কংগ্রেস।
এজন্যই আজকের সব চোখ তাই নীতীশ আর নাইডুর ওপরই।
আজ বিকেলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে ইন্ডিয়া জোটের সদস্যরা বৈঠক করবেন। হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন বলছে, সরকার গঠনের জন্য প্রাক্তন জোটসঙ্গী নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর সঙ্গে যোগাযোগ করা হবে কি না, তা নিয়ে আলোচনা করবেন বিরোধী দলের শীর্ষ নেতারা।
নিতিশ বার বার দল পাল্টানোর জন্য সুপরিচিত অন্যদিকে চন্দ্রবাবু নাইডু ২০১৮ সালে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ থেকে বেরিয়ে এলেও এবারের লোকসভা নির্বাচনের আগে আবার বিজেপির সঙ্গে হাত মেলান। ফলে তাদের মত বা পথ কোন দিকে যাবে সে দিকেই নির্ভর করছে মোদি-রাহুলের জোট সরকার।
ভারতের নির্বাচন কমিশন ৫৪৩ টি লোকসভা আসনের মধ্যে ৫৪২ টি আসনের ফলাফল ঘোষণা করেছে, যার মধ্যে বিজেপি ২৪০ টি আসন এবং কংগ্রেস ৯৯ টি আসনে জয়ী হয়েছে।
লোকসভায় ৫৪৩ আসন থাকলেও সুরাটে বিজেপি প্রার্থী মুকেশ দালাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোট গণনা হয় ৫৪২টি আসনে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।