ঈদুল আজহার আগে দেশের বাজারে আরেক দফা বাড়ল সোনার দাম। এ দফায় ভরিতে সর্বোচ্চ দাম বেড়েছে ২ হাজার ৪১৫ টাকা। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে হয়েছে ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা।
নতুন এই দাম গত শুক্রবার (৬ জুন) থেকে কার্যকর হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গত বৃহস্পতিবার (৫ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর কথা জানায়।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার (পিউর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে।
সর্বশেষ গত ২১ মে দেশের বাজারে সর্বশেষ সোনার দাম বেড়েছিল। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের ১ ভরি সোনার দাম বেড়ে হয়েছিল ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকা। গতকাল রাত পর্যন্ত এ দামেই সোনা বিক্রি হয়েছে। এর আগে গত ২৩ এপ্রিল দেশে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৩৪২ টাকা বেড়েছিল। তখন ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছিল ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা। দেশের বাজারে সেটিই ছিল এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।
বাজুসের নতুন সিদ্ধান্তের ফলে গত শুক্রবার (৬ জুন) থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৬৪ হাজার ৪৯৭ টাকা এবং ১৮ ক্যারেট ১ লাখ ৪০ হাজার ৯৯৪ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৪০ টাকা।
দেশের বাজারে গতকাল রাত পর্যন্ত প্রতি ভরি হলমার্ক করা ২২ ক্যারেট সোনা ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৬২ হাজার ২০০ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৩৯ হাজার ২৩ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ১৪ হাজার ৯৪৯ টাকায় বিক্রি হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। সেই হিসাবে ২২ ক্যারেট সোনায় ২ হাজার ৪১৫ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ২৯৭ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৯৭১ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ৬৯১ টাকা দাম বেড়েছে।
গত বছর কোরবানি ঈদের সময় ২২ ক্যারেট মানের সোনার ভরি ছিল ১ লাখ ১৫ হাজার ৪৫০ টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ভরিতে সোনার দাম বেড়েছে প্রায় ৫৬ হাজার ৮৮৬ টাকা।
ব্যবসায়ী ও অর্থনীতিবিদেরা বলছেন, মূল্যস্ফীতির বিবেচনায় সোনার এই মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এ কারণে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে আগের তুলনায় সোনার গয়না কেনার পরিমাণ কমেছে। তবে ধনীদের সোনা কেনার পরিমাণ আবার বেড়েছে। নিরাপদ বিনিয়োগ হিসেবে অনেক ধনী ব্যক্তি সোনা কিনে রাখছেন। আবার অনেকে বাড়তি দাম পেয়ে সংগ্রহে থাকে পুরোনো সোনার গয়না বিক্রি করছেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।