দেশের বাজারে একই দিনে সোনার দামে বড় ধরনের ওঠানামা দেখা গেছে। গতকাল শনিবার (৩১ জানুয়ারি) সকালে দাম কমলেও সন্ধ্যার পর আবার তা বাড়ানো হয়েছে।
এদিন রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয়।
এ দফায় ভরিতে সোনার দাম বেড়েছে ৪ হাজার ৮২ টাকা। এতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা। নতুন এই দাম আজ রবিবার (১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।
এর আগে একইদিন সকালে বাজুস ভরিতে সর্বোচ্চ ১৫ হাজার ৭৪৬ টাকা দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছিল। সে অনুযায়ী সারা দিন ২২ ক্যারেটের এক ভরি সোনাবিক্রি হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকায়।
এর আগের দিন শুক্রবারও ভরিতে ১৪ হাজার ৬৩৮ টাকা কমেছিল সোনার দাম। তবে তারও আগে বৃহস্পতিবার দেশের বাজারে ভরিপ্রতি সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানো হয়েছিল। এতে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
বাজুস জানায়, সন্ধ্যার পর স্থানীয় বাজারে তেজাবি বা পাকা সোনার দাম বেড়ে যাওয়ায় আবারও দাম সমন্বয় করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি ৩ হাজার ৯০৭ টাকা বেড়ে হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯১৮ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের সোনার দাম ভরিতে ৩ হাজার ৩৮২ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১২ হাজার ৫১৮ টাকা। সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ২ হাজার ৪১ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৯১০ টাকা।
অন্যদিকে, সোনার দাম বাড়লেও এ দফায় রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। সকালে রুপার দাম কমানোর পর নতুন করে আর কোনও সমন্বয় করা হয়নি। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৭ হাজার ২৯০ টাকায়, ২১ ক্যারেট ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ৪৩২ টাকায়। এই দরেই আগামীকালও রুপা বিক্রি হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।