এনবিআর সংস্কার অধ্যাদেশ সংশোধনে ঐকমত্যে পৌঁছছে অর্থ মন্ত্রণালয় ও এনবিআর কর্মকর্তারা। সংশোধন না হওয়া পর্যন্ত অধ্যাদেশ স্থগিত থাকবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
আজ রোববার (২৫ মে) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
৩১ জুলাইয়ের মধ্যে অধ্যাদেশ সংশোধনের কথাও জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। জানানো হয়েছে, বিলুপ্ত নয় বরং স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত হবে এনবিআর। এছাড়া রাজস্বনীতি পৃথকীকরণ হবে আলোচনার ভিত্তিতে।
আরও পড়ুন: ২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড বিক্রির নিলামের দিন নির্ধারণ
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ বাস্তবায়ন বিষয়ে ২২ মে অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রেসনোটে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের বিভিন্ন দাবির বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করে সরকার আশা করেছিল যে অধ্যাদেশের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কর এবং কাস্টমস ও ভ্যাট সার্ভিসের সকল উদ্বেগের অবসান ঘটবে। কিন্তু এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সাম্প্রতিক প্রেস রিলিজ থেকে এ বিষয়ে কিছু অস্পষ্টতা রয়ে গেছে মর্মে প্রতীয়মান হচ্ছে। এ অবস্থায়, এ বিষয়ে নিম্নরূপ অধিকতর স্পষ্টিকরণ করা হলো:
১। জাতীয় রাজস্ব বোর্ডকে অর্থ মন্ত্রণালয়ের অধীন সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে।
২। বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ও বিসিএস (কর) ক্যাডারের স্বার্থ অক্ষুণ্ন রেখে জাতীয় রাজস্ব বোর্ড শক্তিশালীকরণ এবং একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে রাজস্ব নীতি পৃথকীকরণের কাঠামো কিরূপে প্রণীত হবে তা জাতীয় রাজস্ব বোর্ড, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি ও গুরুত্বপূর্ণ অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।
৩। জাতীয় রাজস্ব বোর্ড শক্তিশালীকরণ এবং রাজস্ব নীতি প্রণয়ন কার্যক্রম পৃথকীকরণের লক্ষ্যে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জারিকৃত অধ্যাদেশে প্রয়োজনীয় সকল সংশোধনী আনা হবে। উল্লেখ্য, প্রয়োজনীয় সংশোধনের পূর্ব পর্যন্ত জারিকৃত অধ্যাদেশটি কার্যকর করা হবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার আশা প্রকাশ করছে যে, এই ঘোষণার মাধ্যমে কর এবং কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সব উদ্বেগের অবসান ঘটবে এবং দেশের রাজস্ব আহরণ ও রাজস্ব সেবা প্রদানকারী সব দফতর অবিলম্বে পূর্ণ উদ্যমে কাজ শুরু করবে।
আরও পড়ুন: আজ বাজারে এলো টিএম মিলজার হোসেনের ‘নরক ভূমি’
এদিকে চলমান কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদ। এর ফলে আগামীকাল সোমবার (২৬ মে) থেকে সংস্থাটির সারা দেশের সব দফতর সচল থাকবে।
আজ রোববার (২৫ মে) রাত ৮টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর চেয়ারম্যানকে অপসারণের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়ারও আহবান জানানো হয়।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।