মার্কিন ই-কমার্স জায়ান্ট কোম্পানি অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস আরও শেয়ার বিক্রি করে দিয়েছেন। এতে সাম্প্রতিক দিনগুলোয় সবমিলিয়ে মোট ৪ বিলিয়ন ডলার মূল্যেরও বেশি শেয়ার বিক্রি করেছেন তিনি।
বিবিসির এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত প্রযুক্তি জায়ান্টটির প্রতিষ্ঠাতা জেফ বেজোস চলতি মাসে অ্যামাজনের ২৪ মিলিয়ন শেয়ার বিক্রি করেছেন।
এর আগে ৯ই ফেব্রুয়ারি কোম্পানিটির একটি ফাইলিংয়ের বরাতে ব্লুমবার্গ জানিয়েছিল, ৭ই ফেব্রুয়ারি ও ৮ই ফেব্রুয়ারি ২ বিলিয়ন ডলার মূল্যে অ্যামাজনে ১২ মিলিয়ন শেয়ার বিক্রি করা হয়। ২০২১ সালের পর এইবারই প্রথম কোম্পানিটির স্টক বিক্রি করেছেন এই ধনকুবের।
এর পরে গত মঙ্গলবার (১৩ই ফেব্রুয়ারি) আরও ১২ মিলিয়ন শেয়ার বিক্রিরও ঘোষণা আসে।
গত ২রা ফেব্রুয়ারি কোম্পানিটি জানায় যে, অ্যামাজানের প্রতিষ্ঠাতা জেফ বেজোস আগামী এক বছরের মধ্যে অনলাইন রিটেল ও ক্লাউড পরিষেবা কোম্পানিটির ৫০ মিলিয়ন শেয়ার বিক্রি করবেন। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর ১৭১ দশমিক ৮ ডলার হিসাবে ওই পরিমাণ শেয়ারের মূল্য ৮ দশমিক ৬ বিলিয়ন ডলার। অর্থাৎ, যে শেয়ারগুলোর ওপর ভর করে তিনি বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ব্যক্তির স্থান দখল করে বসে আছেন, সেই শেয়ারগুলোই নগদায়ন করছেন জেফ বেজোস।
এর আগে ২০০২ সালের পর থেকে রেকর্ড ৩০ বিলিয়ন ডলার মূল্যের শেয়ার বিক্রি করেছে অ্যামাজন। যার মধ্যে কেবল ২০২০ এবং ২০২১ সালেই সম্মিলিতভাবে বিক্রি করা হয়েছে প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যের শেয়ার। প্রথমিকভাবে তিনি তার শেয়ারগুলো উপহার হিসেবে অনেক প্রতিষ্ঠানকে দিয়েছেন। এতে গত নভেম্বর মাসে প্রায় ২৩০ মিলিয়ন ডলার মূল্যের শেয়ার একটি অলাভজনক সংস্থাকে দেয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।