শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেড(GPHISPAT) রাইট শেয়ার ইস্যুতে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২০ অক্টোবর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। এদিন বেলা সাড়ে ৩টায় ডিজিটাল প্লাটফর্মে সভাটি অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, জিপিএইচ ইস্পাত ১:৩ হিসাবে অর্থাৎ বিদ্যমান তিনটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করবে। কোম্পানিটির এক মূল্যসংবেদনশীল তথ্যের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, জিপিএইচ ইস্পাত ১৫ টাকা দরে রাইট শেয়ার ইস্যু করবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ৫ টাকা প্রিমিয়াম থাকবে। রাইট শেয়ার ইস্যু করে ২৪১ কোটি ৯৪ লাখ টাকা সংগ্রহ করবে।
রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ কোম্পানির সম্প্রসারিত কারখানার জন্য ফারনেস সংস্থাপনে ব্যয় করা হবে, যা কোম্পানিটির উৎপাদনক্ষমতা বাড়াবে। এর মাধ্যমে বছরে কোম্পানিটির আয় ৪৫০ কোটি টাকা বাড়বে।
সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ (উদ্যোক্তা পরিচালক বাদে) ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা দিয়েছে জিপিএইচ ইস্পাত।
চলতি ২০২৩-২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) জিপিএইচ ইস্পাতের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩৩ টাকা। গত বছরের একই সময়ে যেখানে শেয়ারপ্রতি লোকসান ছিল ০.৬৫ টাকা। গত ৩১ মার্চ শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৫১.৯০ টাকা ।
জিপিএইচ ইস্পাত লিমিটেড ২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। জিপিএইচ ইস্পাতের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৪৮৩ কোটি ৮৮ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৬৬২ কোটি ৮৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪৮ কোটি ৩৮ লাখ ৮৩ হাজার ৪৫৬। এর মধ্যে ৪৬.৭৬ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৮.১৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৩৫.০৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।