দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ চলতি ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মূলধনি মুনাফার ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবি জানিয়েছে ।গতকাল রবিবার সকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানের সঙ্গে এক বৈঠকে এই দাবি জানানো হয়।
ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম বৈঠকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন । বৈঠকে ডিএসইর পক্ষ থেকে বলা হয়, চলতি অর্থবছরের বাজেটে মূলধনি মুনাফার ওপর যে করারোপ করা হয়েছে, তাতে ব্যক্তিশ্রেণির অনেক বড় বিনিয়োগকারীর ক্ষেত্রে এ করহার ৪৫ শতাংশে উন্নীত হয়েছে। এ কারণে শেয়ারবাজারের বড় বিনিয়োগকারীরা এখন বাজারে বিনিয়োগ ও নগদ লভ্যাংশ গ্রহণের উৎসাহ হারিয়ে ফেলেছেন। এসব বিনিয়োগকারীকে শেয়ারবাজারে সক্রিয় করতে হলে মূলধনি মুনাফার ওপর আরোপিত কর প্রত্যাহার করা উচিত, নয়তো যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে হবে।
শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মূলধনি মুনাফার ক্ষেত্রে উচ্চ করহারের বিষয়টি এনবিআরের শীর্ষ পর্যায় থেকে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে। এনবিআরের পক্ষ থেকে বলা হয়েছে, অর্থ উপদেষ্টা দেশে ফিরলে এ বিষয়ে তাঁর সঙ্গে কথা বলবে তারা। অর্থ উপদেষ্টার সম্মতি পাওয়া গেলে মূলধনি মুনাফার ওপর থেকে কর কমানোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে এনবিআর।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য এ কে এম বদরুল আলম, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) মহাপরিচালক আহসান হাবীব, ডিএসইর পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, শাকিল রিজভী, রিচার্ড ডি রোজারিও, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাত্বিক আহমেদ প্রমুখ।