আজ বুধবার (৩রা জানুয়ারি) সকাল থেকে একযোগে বরগুনায় টহল শুরু করেছেন নৌ-বাহিনীর সদস্যরা। জেলার ছয় উপজেলায় টহল জোরদার করেন তারা। সকাল থেকেই সড়কে সড়কে সাইরেন বাজিয়ে গাড়িবহন নিয়ে টহল দিতে দেখা যায় নৌ-সেনাদের।
বরগুনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য বরগুনায় নৌবাহিনী মোতায়েন করা হয়েছে।
গত মঙ্গলবার (২রা জানুয়ারি) সকালে খুলনার বানৌজা তিতুমীর নৌ ঘাঁটি থেকে যাত্রা শুরু করে বিকেল সাড়ে তিনটার দিকে বরগুনার ছয় উপজেলায় পৌঁছায় নৌ-বাহিনীর পাঁচ শতাধিক সদস্য।
নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে নেমেছে সেনাবাহিনী
সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুসারে ‘ইন এইড টু দি সিভিল পাওয়ার’ এর আওতায় ক্যাপ্টেন এম মাহবুবুর রহমানের নেতৃত্বে বরগুনায় দায়িত্ব পালন শুরু করেছেন তারা।
নৌবাহিনীর সদস্যরা ভোটগ্রহণের আগে, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরে শান্তিশৃঙ্খলা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন ও স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করবেন। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনা এবং ভোলা জেলাসহ উপকূলীয় ১৯টি উপজেলায় নৌবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, সকাল থেকে নৌবাহিনীর সদস্যরা টহল শুরু করেছেন। বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার জন্য নৌবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। তারা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন, ভোটারদের নিরাপত্তা দিবেন, টহল দিবেন, ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে কাজ করবেন। এছাড়াও কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সেখানেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করবেন।
উল্লেখ্য, আজ থেকে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। শুধু মাত্র ভোলা ও বরগুনায় নৌবাহিনী মোতায়েন করা হয়েছে, এই দুই জেলা নদী কেন্দ্রিক হওয়ায়।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।