সদ্য পদত্যাগী চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম পদত্যাগের আগে ছয় কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার-সংক্রান্ত আদেশে সই করেন। শিবলী রুবাইয়াত উল ইসলাম যে আদেশ দিয়েছিলেন, আজ সকালে লেনদেন শুরুর আগে তা প্রত্যাহার করা হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
জানা গেছে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে নিজ কার্যালয়ে আর যাননি বিএসইসির সদ্য পদত্যাগী চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম। কিন্তু গত বৃহস্পতিবার বাসা থেকে তিনি ছয় কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার-সংক্রান্ত আদেশে সই করেন।
শিবলী রুবাইয়াত উল ইসলাম গতকাল শনিবার পদত্যাগ করেন । কিন্তু পদত্যাগের আগেও ছয় কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার-সংক্রান্ত আদেশ দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।
আজ রবিবার(১১ আগস্ট) শেয়ারবাজারের লেনদেন শুরুর আগেই বিএসইসি থেকে দুই স্টক এক্সচেঞ্জকে জানিয়ে দেওয়া হয়, শিবলী রুবাইয়াত উল ইসলামের দেওয়া সেই আদেশ স্থগিত করা হয়েছে। ফলে আজ যে তিনটি কোম্পানির ফ্লোর প্রাইস উঠে যাওয়ার কথা ছিল, তা আর হচ্ছে না।
উলেখ্য আজ বেক্সিমকো লিমিটেড, খুলনা পাওয়ার ও শাহজিবাজার পাওয়ারের ফ্লোর প্রাইস উঠে যাওয়ার কথা ছিল। বাকি তিনটি কোম্পানি ইসলামী ব্যাংক, বিএসআরএম লিমিটেড ও মেঘনা পেট্রোলিয়াম। এই তিন কোম্পানির ফ্লোর প্রাইস আগামী বুধবার উঠে যাওয়ার কথা ছিল। আদেশ স্থগিত হয়ে যাওয়ার কারণে তা আর হচ্ছে না।