শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরি জানিয়েছেন, পবিত্র মাহে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি কার্যকর রাখতে আগামী বছর থেকে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল হতে পারে।
রোজায় স্কুল খোলা রাখা নিয়ে অপপ্রচার বন্ধ করতেই নতুন এই পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেছেন, ‘আমাদের ৫২ সপ্তাহের মধ্যে ৫২টি শনিবার রয়েছে। সেখানে যদি বিদ্যালয় কিছুটা খোলা রেখে সমন্বয় করা যায়, তাহলে রমজানকে ঘিরে স্কুল খোলা রাখা নিয়ে যারা এই অপপ্রয়াস চালাচ্ছে তাদের সেই অপপ্রয়াস বন্ধ করতে পারি।’
গতকাল মঙ্গলবার (২৬শে মার্চ) আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সাধারণ মানুষ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। আমরা যার যার ধর্ম সে সে পালন করব। আপনারা দেখেছেন এই রমজান মাসে বিদ্যালয় খোলা থাকা নিয়ে কি ধরনের অপপ্রচার হয়েছে। এ মহল আদালতে গিয়ে মিথ্যা বুঝিয়ে, মিথ্যা তথ্য দিয়ে রায় নিয়ে এসে যাতে বিশৃঙ্খলা এবং রাস্তায় নেমে মানববন্ধন করতে না পারে, সে বিষয়ে আমরা কাজ করব। আমরা সংবেদনশীলতার জায়গায় অবশ্যই শ্রদ্ধাশীল।’
তিনি বলেন, ‘বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠতার পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষ রয়েছেন। এসব মানুষের মধ্যে এক ধরনের মানুষ রয়েছে যারা অবিশ্বাস, সহিংসতামূলক মনোভাব এবং শ্রেষ্ঠত্বমূলক মনোভাব সৃষ্টি করে বিভিন্ন সময় অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করতে চায়। পাঠ্যক্রম থেকে শুরু করে পাঠ্যবইকেও ওসিলা বানিয়ে তারা এসব অস্থিতিশীলতা তৈরি করে। আমরা অনেক ধর্মপ্রাণ ব্যক্তিবর্গ এবং ধর্মীয় নেতৃবৃন্দের সাথেও আলোচনা করেছি।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘তারা আমাদের অনেক উপদেশ দিয়েছেন যাতে কেউ কোনো ধরনের বিতর্ক সৃষ্টি করার প্রয়াসই করতে না পারে। আমরা সকল বিষয়গুলো আরও কেয়ারফুলি দেখব। সমাজে বিশৃঙ্খল সৃষ্টি করতে পারে এমন ইঙ্গিত পেলেও সেটা নিরসন করা হবে।
তাৎক্ষণিক এক বিবৃতিতে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভুঁইয়া বলেন, যেখানে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান ছুটি সেখানে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বন্ধ হলে আমি শিক্ষকদের নিয়ে মাঠে নামবো। শিক্ষকদের অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।