শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা পিএলসির (RENATA) ক্যাবারগোলিন নামের ওষুধ ইউরোপে অনুমোদন পেয়েছে। ইইউ ডিসেন্ট্রালাইজড প্রসিডিউরের (ডিসিপি) অধীনে এ অনুমোদন পায় কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, কোম্পানিটির ক্যাবারগোলিন নামের দশমিক ৫ মিলিগ্রাম ট্যাবলেট ইউরোপের আয়ারল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, ইতালি, ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ডস, নরওয়ে ও স্পেনের বাজারে অনুমোদন পেয়েছে। এটি প্রাথমিকভাবে হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া ও পারকিনসন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়।
কোম্পানিটি জানিয়েছে, ইউরোপীয় বাজারের চাহিদা ও কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুসরণ করে ওষুধটি উৎপাদন করা হবে। রোগীদের জন্য বিভিন্ন কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে ইউরোপজুড়ে ওষুধটি সরবরাহ করা হবে। উল্লেখ্য, বৈশ্বিক বাজারে স্বীকৃত এ ওষুধ বাংলাদেশের স্থানীয় বাজারে ক্যাবোলিন নামে পাওয়া যায়।
রেনাটা পিএলসি ১৯৭২ সালে মার্কিন ওষুধ জায়ান্ট ফাইজারের একটি কোম্পানি হিসেবে বাংলাদেশে যাত্রা করে। ১৯৯৩ সালে ফাইজার স্থানীয় শেয়ারহোল্ডারদের কাছে তাদের মালিকানা বিক্রি করে চলে যায় এবং কোম্পানির নাম ফাইজার (বাংলাদেশ) লিমিটেডের বদলে হয় রেনাটা লিমিটেড। বর্তমান নাম রেনাটা পিএলসি।
কোম্পানিটির অনুমোদিত মূলধন ২৮৫ কোটি ও পরিশোধিত মূলধন ১১৪ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৯১২ কোটি ৪৩ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার ৪৯০। এর মধ্যে ৫১.২৯ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২০.৪০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ২১.৭৯ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৬.৫২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।