অর্থ লিপি

২৫ আগস্ট ২০২৬ মঙ্গলবার ১০ ভাদ্র ১৪৩৩

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সংযুক্ত আরব আমিরাতে ২০২৭ সালের পবিত্র রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে দেশটির জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র।

তবে এসব তারিখ চূড়ান্ত নয়; চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান শুরু ও দুই ঈদের দিন নির্ধারিত হবে।

ইসলামী বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। এ মাসে ধর্মপ্রাণ মুসলিমরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন। রোজার পাশাপাশি নামাজ, কোরআন তিলাওয়াত, দোয়া, দান-সদকা ও আত্মশুদ্ধির মাধ্যমে মাসটি পালন করেন তারা।

হিজরি বর্ষপঞ্জির প্রতিটি মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। নতুন চাঁদ দেখা যাওয়ার ওপর ভিত্তি করেই মাসের দৈর্ঘ্য নির্ধারণ করা হয়। সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি নিয়মিতভাবে চাঁদ পর্যবেক্ষণ করে এবং এর ভিত্তিতে গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসের তারিখ ঘোষণা করা হয়।

জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি শনিবার অথবা ৭ ফেব্রুয়ারি রোববার শাবান মাসের শেষ দিকে রমজানের নতুন চাঁদ দেখা যেতে পারে।

তবে ২৯ শাবান সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বেশ কিছু অঞ্চলে চাঁদ দেখা সম্ভব নাও হতে পারে। কারণ ওই সময় চাঁদ সূর্যের আগে অস্ত যেতে পারে অথবা সূর্যাস্তের পর চাঁদ ও সূর্যের সংযোগ ঘটতে পারে। এ কারণে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সে হিসাবে সংযুক্ত আরব আমিরাতে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান শুরু হতে পারে।

প্রসঙ্গত, ২০২৬ সালে রমজান শুরু হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। চন্দ্র বর্ষপঞ্জি অনুসরণ করায় প্রতি বছর রমজান সাধারণত ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে।

হিজরি শাওয়াল মাসের প্রথম দিন পালিত হয় ঈদুল ফিতর। ২০২৭ সালে রমজান মাস ২৯ নাকি ৩০ দিনে শেষ হবে—এর ওপর নির্ভর করবে ঈদের তারিখ।

জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে ২০২৭ সালের ৮ মার্চ সোমবার অথবা ৯ মার্চ মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে।

যদি ৮ মার্চ, অর্থাৎ রমজানের ২৯তম দিন সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যায়, তাহলে ঈদুল ফিতর পালিত হবে ৯ মার্চ মঙ্গলবার। আর চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিনে পূর্ণ হবে এবং সে ক্ষেত্রে ঈদুল ফিতর হবে ১০ মার্চ বুধবার।

হিজরি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজের ১০ তারিখে পালিত হয় ঈদুল আজহা। এর আগের দিন, অর্থাৎ ৯ জিলহজ পালিত হয় পবিত্র আরাফার দিন, যা ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ।

জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, ২০২৭ সালের ৬ মে বৃহস্পতিবার অথবা ৭ মে শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে। সে হিসাবে ২০২৭ সালের ১৬ মে রোববার অথবা ১৭ মে সোমবার ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস মুহররমের মধ্য দিয়ে নতুন ইসলামি বছরের সূচনা হয়। ১৪৪৯ হিজরি সনের প্রথম দিনও চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারিত হবে।

যদি ২০২৭ সালের ৭ মে জিলহজ মাস শুরু হয় এবং মাসটি ২৯ দিনে শেষ হয়, তাহলে ৫ জুন শনিবার মুহররম শুরু হতে পারে। আর জিলহজ ৩০ দিনে পূর্ণ হলে মুহররম শুরু হবে ৬ জুন রোববার।

অন্যদিকে, যদি ৮ মে জিলহজ মাস শুরু হয় এবং মাসটি ২৯ দিনে শেষ হয়, তাহলে ৬ জুন রোববার মুহররমের প্রথম দিন হতে পারে। আর জিলহজ মাস ৩০ দিনে পূর্ণ হলে নতুন ইসলামি বছর শুরু হতে পারে ২০২৭ সালের ৭ জুন সোমবার।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সব তারিখই সম্ভাব্য। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে চাঁদ দেখার ভিত্তিতে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।