দেশের শেয়ার বাজার নিয়ে এবং তালিকাভুক্ত কোম্পানি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো নিয়ে সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গতকাল রবিবার (২৮শে এপ্রিল) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শেয়ার বাজারকে অস্থিতিশীল করতে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইন প্ল্যাটফর্মে শেয়ারবাজারের বিভিন্ন বিষয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু ভিত্তিহীন গুজব ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে যার কোনো ভিত্তি নেই।
দেশের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি দেশের শেয়ারবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় নিয়মিতভাবে ইন্টারনেট ও সামাজিক যোগযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শেয়ারবাজার সংশ্লিষ্ট বিষয়ে ভুয়া ও অসত্য তথ্য বা গুজব প্রকাশ অথবা প্রচারের বিষয়সমূহর উপর সতর্ক নজর বজায় রাখছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইন্টারনেটে শেয়ার বাজার সংশ্লিষ্ট বিষয়ে অপ্রকাশিত তথ্য প্রকাশ, শেয়ার দরের পূর্বাভাস কিংবা ভবিষ্যতবাণী ইত্যাদিসহ যেকোন ধরণের অসত্য তথ্য ও গুজব প্রকাশ বা প্রচার আইনত শাস্তিযোগ্য অপরাধ। অতএব, শেয়ারবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় শেয়ার বাজার সংশ্লিষ্ট সকল ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনকে এধরণের ভূয়া ও অসত্য তথ্য বা গুজব প্রকাশ অথনা প্রচার থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে সতর্ক করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের অর্থনীতি ও শেয়ার বাজারকে অস্থিতিশীল করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিত্তিহীন, ভুয়া ও অসত্য তথা এবং গুজব ছড়ানো ব্যক্তিদের এই মর্মে সতর্ক করা যাচ্ছে যে, যে বা যারা ভুয়া ও অসত্য তথ্য বা গুজব প্রকাশ বা প্রচারে জড়িত রয়েছেন কিংবা আগামীতে জড়িত থাকবেন তাদের সকলের বিরুদ্ধে ত্বরিত যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাদের তাৎক্ষণিকভাবে আইনের আওতায় আনা হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।