বাংলাদেশ ট্যারিফ কমিশন মিল মালিকরা ভোজ্য তেলের দাম লিটার প্রতি ১০ টাকা বাড়ানোর যে প্রস্তাব দিয়েছিলেন, তা নাকচ করে দিয়েছে। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, সার্বিক দিক বিবেচনা করে মিল মালিকদের জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত দেশের বাজারে ভোজ্য তেলের দাম বাড়ানোর কোনো সুযোগ নেই।
তাই প্রতি লিটার সয়াবিন তেল আগের মতোই ১৬৩ টাকায়ই বিক্রি করতে হবে। ট্যারিফ কমিশন সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, ব্যবসায়ীদের দাম বাড়ানোর প্রস্তাব আপাতত নাকচ করা হলেও ভোজ্য তেলের মূল্য পরিস্থিতি নিয়ে কমিশন তার নিজস্ব পর্যালোচনা অব্যাহত রেখেছে।
আজ বৃহস্পতিবারও (১৮ই এপ্রিল) কমিশন নিজেদের মধ্যে বৈঠক করে একটি প্রস্তাব চূড়ান্ত করে সেটি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবে। বাণিজ্য মন্ত্রণালয় ভোজ্য তেলের দামের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে ব্যবসায়ীরা লিটারে ১০ টাকা বাড়ানোর যে প্রস্তাব দিয়েছেন, তাতে ট্যারিফ কমিশন অসম্মতি জানালেও মাঝামাঝি অঙ্কের টাকা বাড়ানোর প্রস্তাব দিতে পারে। সেটা হতে পারে লিটার প্রতি পাঁচ থেকে সাত টাকা।
জানা গেছে, মিল মালিকদের পরিষ্কার জানানো হয়েছে, সব দিক পর্যালোচনা করে এখন ভোজ্য তেলের দাম বাড়ানোর কোনো সুযোগ নেই। তাই তাঁরা লিটারে ১০ টাকা বাড়ানোর যে প্রস্তাব দিয়েছেন সেটি নাকচ করা হলো। এ সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার সয়াবিন তেল আগের দামেই, অর্থাৎ ১৬৩ টাকায়ই বিক্রি হবে।
মিল মালিকরাও এ সিদ্ধান্ত মেনে নিয়েছেন।’
তবে গতকালের বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা হায়দার চৌধুরী বলেন, ‘আমাদের প্রস্তাব নাকচ করা হয়নি। আসলে এ বিষয়ে আরো আলোচনা হবে ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে। সে সময় পর্যন্ত ভোজ্য তেলের বর্ধিত মূল্য কার্যকর হবে না এবং মিল মালিকরাও বর্ধিত মূল্যের লেবেল সংবলিত তেলের বোতল বাজারে ছাড়বে না।
অর্থাৎ আমরা ১৬ই এপ্রিল থেকে ভোজ্য তেলে লিটারে ১০ টাকা বাড়ানোর যে ঘোষণা দিয়েছিলাম সেটি আপাতত স্থগিত থাকবে।
তবে সরকার যেহেতু ৫ শতাংশ ভ্যাট মওকুফের মেয়াদ আর বাড়ায়নি এবং এরই মধ্যে বিশ্ব বাজারেও বাড়তে শুরু করেছে সয়াবিন-পাম অয়েলের দাম, তাই আমাদের দাবি সব দিক বিবেচনা করে দ্রুত ভোজ্য তেলের দাম বাড়ানোর বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।’
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।