অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

ব্যাংকের এমডি হতে বাংলাদেশ ব্যাংক কঠিন নিয়ম বেঁধে দিলো

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের ব্যাংকের চেয়ারম্যান এবং পরিচালক পদের পর এবার বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা বিভাগের সর্বোচ্চ পদ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে যোগ্যতার বিভিন্ন মানদণ্ড ঠিক করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এখন থেকে ৪৫ বছরের আগে কেউ কোনো ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পাবেন না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে ৬৫ বছরের পরে কেউ এমডি পদে থাকতে পারবেন না।

যদিও এর আগে এই ধরনের কোনো বাধ্য বাধকতা ছিল না। এতোদিন শুধু ১০ বছরের ব্যবস্থাপনা বা ব্যবসায়িক বা পেশাগত অভিজ্ঞতা ছিল এ পদে নিয়োগের অন্যতম যোগ্যতা। এছাড়া, স্বেচ্ছায় বা পর্ষদের চাপে যেকোনোভাবে ব্যাংকের এমডি পদ ছাড়তে গেলেও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে।

আরও পড়ুন…

মার্কেন্টাইল ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত

গতকাল মঙ্গলবার (২৭শে ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা এক সার্কুলারের মাধ্যমে এই নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নতুন নীতিমালা অনুযায়ী, এখন থেকে ব্যাংকের এমডি নিয়োগের ন্যূনতম বয়স ৪৫ বছর নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এমডি পদে নিয়োগ ও বাতিল করতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে। এ পদের নাম দেওয়া হয়েছে, ‘ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা’। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলে সেক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন নিতে হবে।

এতোদিন শুধু বাংলাদেশ ব্যাংকে অবহিত করার বিধান ছিল। ব্যাংকের পরিচালকের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত বা পরিবারের সদস্য ব্যক্তি বাণিজ্যিক ব্যাংকের এমডি হতে পারবেন না।

আরও পড়ুন…

প্রাইম ব্যাংক ও ন্যাশনাল লাইফের মধ্যে ব্যাংকাস্যুরেন্স চুক্তি
নতুন সিদ্ধান্তে এমডিদের চাকরির নিরাপত্তা বাড়িয়ে দিলেও ব্যাংক থেকে নেওয়া নানা সুবিধার বিষয়ে লাগাম টেনেছে বাংলাদেশ ব্যাংক। এমডি হিসেবে দায়িত্ব পালনকালে ব্যাংক থেকে নেওয়া সব ধরনের সুবিধার বর্ণনা চুক্তিপত্রে উল্লেখ রাখতে নির্দেশনা দিয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রতি মাসে বেতনের সময় তার বিস্তারিত বিবরণও সংরক্ষণ করতে হবে।

এমডি নিয়োগে আগের সবগুলো সার্কুলার বাতিল করে নতুন সিদ্ধান্তের বিষয়ে নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, ‘ব্যাংক-কোম্পানির পরিচালনা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে পূর্বের চেয়ে অনেক বেশি ব্যবসায়িক ও প্রযুক্তিগত ঝুঁকি মোকাবিলায় অধিকতর চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে।’ বর্তমান প্রেক্ষাপটে এমডি নিয়োগে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ‘চারিত্রিক’ ও ‘নৈতিক বিশুদ্ধতায়’ গুরুত্ব দিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে, ‘ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে একজন উপযুক্ত, পেশাগতভাবে দক্ষ ও অভিজ্ঞ ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ হওয়া আবশ্যক।’

আরও পড়ুন…

১০ শতাংশ কুপন রেট ঘোষণা সিটি ব্যাংক বন্ডের

পেশাগত যোগ্যতার পাশাপাশি পরিচ্ছন্ন ব্যক্তিকে এমডি হিসেবে নিয়োগ দিতে ‘চারিত্রিক’ ও ‘নৈতিক বিশুদ্ধতা’কে শর্ত হিসেবে যোগ করেছে বাংলাদেশ ব্যাংক। ফৌজদারি আদালত কর্তৃক দণ্ডিত, জাল-জালিয়াতি, আর্থিক অপরাধ বা অন্য কোনো অবৈধ কর্মকাণ্ডের জড়িত থাকলে তিনি অযোগ্য হিসেবে বিবেচিত হবেন।

প্রার্থী সম্পর্কে কোনো দেওয়ানী বা ফৌজদারি মামলায় আদালতের রায়ে কোনো বিরূপ পর্যবেক্ষণ বা মন্তব্য থাকা যাবে না। কোনো নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের বিধিমালা, প্রবিধান বা নিয়ামাচার লঙ্ঘনজনিত কারণে দণ্ডিত হলেও প্রার্থী অযোগ্য বিবেচিত হবেন। কখনো এমন কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের মালিকানায় যুক্ত ছিলেন বা আছেন, তার নিবন্ধন অথবা লাইসেন্স বাতিল বা অবসায়িত হয়েছে এমন ব্যক্তি ব্যাংকের এমডি হতে পারবেন না।

কোন কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে যুক্ত ছিলেন, যার নিবন্ধন অথবা লাইসেন্স তার সরাসরি বা পরোক্ষ অপরাধজনিত কারণে বাতিল করা হয়েছে। তাহলেও ওই ব্যক্তি এমডি হতে পারবেন না। অর্থ আত্মসাৎ, দুর্নীতি, জাল-জালিয়াতি ও নৈতিক স্খলনজনিত কারণে কোন কোম্পানি বা প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা পরিচালক বা কর্মকর্তা বা কর্মচারী থাকাকালীন স্বীয় পদ হতে অপসারণ/বরখাস্ত/অবনমিত হয়েছেন এমন ব্যক্তিকেও এমডি হিসেবে নিয়োগ দিতে পারবে না ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের অফসাইট বা অনসাইট পরিদর্শনে কারো বিরুদ্ধে বিরূপ পর্যবেক্ষণ থাকলে তিনি এমডি হতে পারবেন না।

আরও পড়ুন…

স্কুল ব্যাংকিং হিসাব খোলার পরিমাণ বাড়লেও কমেছে আমানত
কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণে খেলাপি, পাওনাদারের প্রাপ্য পরিশোধ না করা এমনকি আপস রফার মাধ্যমে পাওনা আদায় হতে অব্যাহতি লাভ করা ব্যক্তিও এমডি পদে নিয়োগের জন্য অযোগ্য বিবেচিত হবেন।

এমডি হিসেবে নিয়োগ পেতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। অর্থনীতি, হিসাববিজ্ঞান, ফাইন্যান্স, ব্যাংকিং, ব্যবস্থাপনা কিংবা ব্যবসায় প্রশাসন বিষয়ে উচ্চতর শিক্ষা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আর ডিজিটাল ব্যাংকের প্রধান নির্বাহী নিয়োগের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি বিষয়ে উচ্চতর শিক্ষা অধিক গুরুত্ব পাবে এমডি নিয়োগে।

শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকতে পারবে না জানিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে, গ্রেডিং পদ্ধতিতে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার ক্ষেত্রে জিপিএ ৩ এর কম এবং অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে ৪ পয়েন্ট স্কেলে ২ দশমিক ৫০ এর কম এবং ৫ পয়েন্ট স্কেলে ৩ এর কম হলে তা গ্রহণযোগ্য হবে না।

বিদেশ থেকে ডিগ্রি অর্জনের ক্ষেত্রে প্রকাশিত ফলাফল (শ্রেণি/বিভাগ/জিপিএ) যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত ও সমতায়িত হতে হবে জানিয়ে বাংলাদেশ ব্যাংক বলছে, প্রার্থীর নেতৃত্ব প্রদানের গুণাবলি থাকতে হবে।

এমডি পদে নিয়োগ হিসেবে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতাসহ ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার অব্যবহিত পূর্ববর্তী পদে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতার বাধ্যবাধকতা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এমডি পদে সংশ্লিষ্ট ব্যক্তির ন্যূনতম বয়স ৪৫ বছর নির্ধারণ করে দিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে, বয়স ৬৫ বছর অতিক্রান্ত হলে তিনি কোনো ব্যাংক-কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না।

দেশের ব্যাংকিং খাতে ব্যাংকের শীর্ষ কর্মকর্তার পদনাম সমরূপ/একরূপ করার কথা জানিয়ে সার্কুলারে বলা হয়, ব্যাংক-কোম্পানির শীর্ষ কর্মকর্তার পদনাম ‘ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা’ হিসেবে অভিহিত হবে। তবে, বিদেশি ব্যাংক-কোম্পানির বাংলাদেশস্থ স্থানীয় শীর্ষ কর্মকর্তার পদনাম উক্ত ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত হতে পারবে। প্রধান নির্বাহী কর্মকর্তার নিয়োগের মেয়াদ হবে সাধারণভাবে ৩ (তিন) বছর, তবে তিনি পুনর্নিয়োগের যোগ্য হবেন। যে মেয়াদের জন্যই প্রস্তাব করা হোক না কেন, বাংলাদেশ ব্যাংক প্রার্থীর সাক্ষাৎকার নেওয়ার পর দেওয়া সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

চরম স্খলন/বিচ্যুতিপূর্ণ কাজ না করে থাকলে কোনো প্রধান নির্বাহী কর্মকর্তার চুক্তির মেয়াদপূর্তির পূর্বে অপসারণ বা উক্ত চুক্তি বাতিল করা যাবে না বলে সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মেয়াদের পূর্বে এমডির নিয়োগ বাতিল বা অপসারণ করতে চাইলে ব্যাংকের পরিচালক পর্ষদে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ ব্যাংকে প্রস্তাব আকারে পাঠাতে হবে উল্লেখ করে সার্কুলারে বলা হয়, ‘চুক্তির মেয়াদপূর্তির পূর্বে প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যক্তিগত বা অন্য কোনো কারণে পদত্যাগ করার আবেদন করলে এরূপ আবেদন পরিচালনা পর্ষদের সুপারিশসহ বাংলাদেশ ব্যাংকে প্রেরণ করতে হবে।’
বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত কমিটি পদত্যাগকারী এমডির ব্যক্তিগত শুনানি গ্রহণ করবে। তারপরে বিষয়টিতে বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্ত জানাবে তা চূড়ান্ত বলে গণ্য হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধান নির্বাহী কর্মকর্তার বেতন-ভাতা নির্ধারণে ব্যাংকের আর্থিক অবস্থা, কর্মকাণ্ডের ব্যাপকতা, ব্যবসার পরিমাণ, উপার্জন ক্ষমতা, শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং ও আঞ্চলিক কার্যালয়ের সংখ্যা বিবেচনায় নিতে বলেছে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে সমজাতীয় ব্যাংকের এমডির বেতন ভাতা উদাহরণ হিসেবে নিতে নির্দেশনা দিয়ে বলা হয়, মূল বেতন ও বাড়ি ভাড়া বাবদ প্রত্যক্ষ বেতন ও ভাতা এবং অন্যান্য ভাতা যোগ করে মোট বেতন-ভাতা হিসাব করতে হবে। ইউটিলিটি বিল, প্রধান নির্বাহী কর্মকর্তার নিজের চিকিৎসা খরচ, ইন্স্যুরেন্স প্রিমিয়ামের সুনির্দিষ্ট পরিমাণ/সীমা রাখতে বলেছে নতুন নির্দেশনায়। সকল সুবিধার (গাড়ি, জ্বালানি, চালক ইত্যাদি) অর্থমূল্যে বের করে বেতন-ভাতায় উল্লেখ করতে বলা হয়।
প্রতি বছরে সর্বোচ্চ দুইটি উৎসব ভাতা ঠিক করে দিয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রতিটি এক মাসের মূল বেতনের অধিক হবে না। চাকরির মেয়াদকালে বেতন-ভাতাদির কোনো শর্ত পরিবর্তন করা যাবে না।

সব ধরনের পরোক্ষ সুবিধা বাতিল করে বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংকের মুনাফার বিপরীতে কোনো লভ্যাংশ, কমিশন, ক্লাবের জন্য কোনো চাঁদা বা খরচ, বিদেশে চিকিৎসা খরচ বা বাৎসরিক মেডিকেল চেক-আপ বাবদ খরচ, বিদেশে পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ, ব্যক্তিগত ভ্রমণের ক্ষেত্রে নিজের বা পরিবারের সদস্যদের বিদেশ ভ্রমণ ভাতা প্রাপ্য হবেন না।

তবে, এমডি নিজের জন্য বিদেশে (এশিয়ার যেকোনো দেশে) চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে দেশের চিকিৎসা যথেষ্ট নয় মর্মে বিশেষজ্ঞ চিকিৎসকের প্রত্যয়নের ভিত্তিতে তিনি বিদেশে চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবেন। এমডির বেতন-ভাতার বিপরীতে আয়কর ব্যক্তিকে নিজ উৎস থেকে দিতে হবে এখন থেকে।

কর্মকর্তা/কর্মচারীদের অনুকূলে উৎসাহ বোনাস দেওয়া হলে এমডিও উৎসাহ বোনাস পাবেন জানিয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, তবে উৎসাহ বোনাস বছরে পনেরো লাখ টাকার বেশি হবে না। ব্যাংকের অন্য কোনো কর্মকর্তা প্রধান নির্বাহী কর্মকর্তার জন্য নির্ধারিত সীমার অধিক উৎসাহ বোনাস পাবেন না।

এমডি পদে পরিচালক পর্ষদের মনোনীত ব্যক্তির যোগ্যতা, উপযুক্ততা, দায়িত্বের প্রতি অঙ্গীকার, অভিজ্ঞতা ও নেতৃত্বের গুণাবলীর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। এমডি পদে নিয়োগ দিতে খেলাপি ঋণ আদায়ে পারঙ্গম কি না, তাও দেখা হবে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এমডি পদ তিন মাসের বেশি শূন্য হলে প্রশাসক বসাতে পারবে কেন্দ্রীয় ব্যাংক। এমডির পরবর্তী দুইস্তর অধস্তন ব্যতীত অন্য সকল কর্মকর্তা ও কর্মচারীর নিয়োগ ও পদোন্নতি এমডির ওপর ন্যস্ত থাকবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।