বাংলাদেশ থেকে আবারও ফ্লাইট বন্ধ করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এয়ারলাইন ইতিহাদ এয়ারওয়েজ। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সংশ্লিষ্টরা বলছেন, চলতি মাসের শেষ দিক থেকে ঢাকা থেকে আর ফ্লাইট পরিচালনা করবে না এয়ারলাইনটি। এয়ারলাইন সূত্র বলছে, দেশে ডলার সংকটে টিকিট বিক্রির টাকা নিতে পারছে না বিদেশি এয়ারলাইনগুলো। তাছাড়া সম্প্রতি যাত্রী সংকটও দেখা দিয়েছে। এসব কারণে এয়ারলাইনটি এমন সিদ্ধান্ত নিচ্ছে।
জানা গেছে, আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও, ২৯শে অক্টোবর থেকে ফ্লাইট বন্ধ করবে ইতিহাদ। এর আগেও ১২ বছর কার্যক্রম চালানোর পর ২০১৮ সালের ১লা অক্টোবর ঢাকা থেকে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দিয়েছিল ইতিহাদ।
সংশ্লিষ্টরা বলছেন, বরাবরই বাংলাদেশের রেগুলেশন মানার বিষয়ে বিরোধিতা-উদাসীনতা ছিল এয়ারলাইনটির। ২০১৮ সালে বিদেশি এয়ারলাইনসকে কার্যক্রম পরিচালনা করতে বাংলাদেশে জিএসএ (জেনারেল সেলস এজেন্ট) নিয়োগ দেওয়ার বিধান চালু করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। শর্ত ছিল, জিএসএ প্রতিষ্ঠানের মালিকানা বাংলাদেশি নাগরিকের হতে হবে। ইতিহাদ এয়ারওয়েজ এই সিদ্ধান্তে আপত্তি জানায় এবং বাংলাদেশে থেকে কার্যক্রম গুটিয়ে নেয় তখন। যদিও পরবর্তী সময়ে ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাতের জেনারেল সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের (জিসিএএ) মহাপরিচালক মাধ্যমে সুপারিশ করে বাংলাদেশে আবারও ফ্লাইট শুরু করতে আবেদন করেছিল ইতিহাদ এয়ারওয়েজ।
বাংলাদেশে ইতিহাদ এয়ারওয়েজের এক কর্মকর্তা বলেন, প্রধান কার্যালয় থেকে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি। তবে কার্যক্রম বন্ধের আশঙ্কা রয়েছে। যেসব যাত্রী ইতিহাদের টিকিট কেটেছেন, তারা চাইলে রিফান্ড নিতে পারবেন। কিংবা আমাদের কোড শেয়ার পার্টনার এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটেও ভ্রমণ করতে পারবেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।