বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারছিলেন না কিউই ব্যাটসম্যানরা। ধসে পড়ছিল নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংস। ১ রান তুলতেই বিদায় নেন ৩ জন ব্যাটার, আর ৫০ রানে ৫! স্বাগতিকদের বিপক্ষে রীতিমতো ধ্বংসযজ্ঞ চালিয়েছেন শরিফুল ইসলাম-মেহেদী হাসানরা। তবে ধ্বংসযজ্ঞের মধ্যেও আশার আলো দেখিয়েছেন জেমস নিশাম। তার ব্যাটে চড়ে দলটি শেষ পর্যন্ত লড়াই করার পুঁজি পায়।
আজ বুধবার (২৭শে ডিসেম্বর) বেলা ১২টা ১০ মিনিটে নিউজিল্যান্ডের নেপিয়ারে মাঠে নামে বাংলাদেশ ও স্বাগতিক নিউজিল্যান্ড। ম্যাচটিতে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে কিউইরা। শেষ পর্যন্ত দলটি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান করে।
এ দিন অধিনায়ক শান্তর সিদ্ধান্তকে ঠিকভাবে কাজে লাগান মেহেদী ও শরিফুল। ম্যাচের প্রথম ওভারেই ৩ বল খেলে রানের খাতা খুলতে না পারা সেফার্টকে বোল্ড করেন মেহেদী। ওই ওভারে আসে মাত্র ১ রান। দ্বিতীয় ওভারে চমক দেখান শরিফুল।
বাংলাদেশ-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের সূচি
শরিফুলের প্রথম বলে রান নিতে ব্যর্থ হন কিউই ব্যাটসম্যান ফিন অ্যালেন। আর দ্বিতীয় বলে সৌম্যের হাতে ক্যাচ তুলে দেন তিনি। তাতে ১ রানেই দুই ওপেনারের বিদায় ঘটে। ওভারের তৃতীয় বল সরাসরি আঘাত হানে গ্লেন ফিলিপসের প্যাডে। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেয় বাংলাদেশ। পরিস্থিতি বুঝতে পেরে মাঠ ছাড়তে থাকেন ফিলিপস। পরে টিভি আম্পায়ার তাকে এলবিডব্লিউ ঘোষণা করেন। ফিলিপস রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন।
১ রানেই ৩ উইকেট পতনের পরে ধাক্কা সামলানোর চেষ্টা করেন ড্যারিল মিচেল ও মার্ক চ্যাপম্যান। তবে তাদেরও বেশিক্ষণ স্থায়ী হতে দেননি মেহেদী। ১৫ বলে ১৪ রান করা মিচেলকে বোল্ড করে এই জুটির ইতি টানেন তিনি। অন্যদিকে তখনও রানের গতি ঠিক রাখার চেষ্টা করে যাচ্ছিলেন চ্যাপম্যান। তবে ৯.২ ওভারে রিশাদ এনে দেন স্বস্তি। ১৯ বলে ১৯ রান করা চ্যাপম্যানকে তানজিম সাকিবের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান রিশাদ। তাতে ৫০ রান তুলতেই কিউইরা হারিয়ে বসে ৫ উইকেট।
দলের এমন বিপদের সময়ে একাই ঢাল হয়ে দাঁড়িয়েছেন জেমস নিশাম। একে একে সতীর্থরা বিদায় নিলেও তিনি চার-ছয়ের মার হাঁকিয়ে রানের খাতাকে সচল রাখেন। তবে শেষ পর্যন্ত তাকে থামিয়েছেন মুস্তাফিজুর রহমান। ২৯ বলে ৪টি চার ও ৩টি ছক্কার মারে ৪৮ রান করে বিদায় নেন নিশাম। এর আগে দলের রান গিয়ে দাঁড়ায় ১১০ এ।
শেষদিকে বেশ কয়েকটি মিস ফিল্ডের ঘটনা দেখা যায়। এর মধ্যে দুটি ক্যাচও মিস করে বাংলাদেশ। অন্যদিকে অ্যাডাম মিলনের ১২ বলে ১৬ রানের ইনিংস নিউজিল্যান্ডকে আরও একটু সমৃদ্ধ করে। সবমিলিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৩৪ রান।
ব্যাটিং এ নেমে বাংলাদেশ বিনা উইকেটে ১ ওভারে ৭ রান করেছে, ব্যাট করছেন রনি তালুকদার(৬) ও লিটন দাস (১)।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ২০ ওভারে ১৩৪/৯ (মিলনে ১৬*, সিয়ার্স ১*; সোধি ২, সাউদি ৮, নিশাম ৪৮, স্যান্টনার ২৩, চ্যাপম্যান ১৯, মিচেল ১৪, ফিলিপস ০, অ্যালেন ১, সেইফার্ট ০)
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।