দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে শেয়ারবাজারে ধীরে ধীরে গতি ফিরছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকে কিছুটা পতন থাকলেও বাজারের ভেতরে নতুন নতুন স্টকের সক্রিয় অংশগ্রহণ ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
আজ রবিবার (২৯ মার্চ) লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স (DSEX) কমে দাঁড়িয়েছে ৫,২৭২ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় ৪৪.১৭ পয়েন্ট বা ০.৮৩% কম। এছাড়া ডিএসইএস (DSES) সূচক ৭.৫৪ পয়েন্ট কমে ১,০৬৬ পয়েন্টে এবং ডিএস৩০ (DS30) সূচক ২১.৩২ পয়েন্ট কমে ১,৯৯৮ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে প্রায় ৬৪৬ কোটি টাকার । মোট লেনদেন সংখ্যা ছিল ১ লাখ ৯৮ হাজারের বেশি এবং শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ কোটি ৩ লাখেরও বেশি।
বাজারে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৪টি কোম্পানির শেয়ার দর বেড়েছে, বিপরীতে কমেছে ২৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার দর।
বিশ্লেষকদের মতে, সূচকের পতন থাকলেও বাজারে নতুন সেক্টর ও স্টকের মুভমেন্ট বৃদ্ধি পাচ্ছে, যা ভবিষ্যতের জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করে। তারা মনে করছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রভাব কিছুটা থাকলেও ধীরে ধীরে বাজারে স্থিতিশীলতা ফিরতে পারে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়তে পারে।