অর্থ লিপি

২৯ এপ্রিল ২০২৬ বুধবার ১৬ বৈশাখ ১৪৩৩

কবি রফিক উল ইসলামের কবিতা ‘ঘর’

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ঘর

গাছের পাতারা ফিস ফিস করে জানতে চায়
কোথায় তোমার ঘর? হাজার বছরের ঘুম ভেঙে
                                              জড়ানো কণ্ঠে
বলতে চাই : তোমরাই তো আমার ঘর! চতুর্দিক খুব
শান্ত আর নিঝুম, কোনও শব্দ নেই কোথাও। শুধু দেখি,
আমার ঘুমের বিছানার ওপর শুকনো পাতারা
ঝরে ঝরে পড়ছে…
শুকনো পাতাদের সঙ্গে ঘুম-ভাঙা আমিও ঝরে পড়ছি,
                                                 উড়ে উড়ে যাচ্ছি
নতুন কোনও ঘরের সন্ধানে। কোথায় আমার ঘর?
মরুভূমিতে চিকচিক করে ওঠা বালি, তুমি কি
আমার ঘর? অন্ধ ভিখারির চোখে যুগান্তকালের অন্ধকার,
তুমি কি আমার ঘর? শুকনো পাতায়-পাতায় আমি যে
আর উড়তে পারিনা কিছুতেই।  ডানা ক্রমশ
ভারী হয়ে আসছে, আর চোখ দুটিও…
কোথায় আমার ঘর?

Author

  • জন্ম: আগস্ট ১৯৫৪, পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বাংলা ভাষার প্রায় সবকটি উল্লেখযোগ্য পত্রপত্রিকাতেই তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। ইংরেজি ও হিন্দি ভাষায় অনূদিত হয়েছে তাঁর বেশ কিছু কবিতা। তাঁর প্রকাশিত ১২টি কবিতাগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য : জলের মত সুখে আছি / মৈত্রেয় রাত্রির পথে/ আমাদের বৃষ্টিপাতের মাঝখানে/ সোনালি শিবির / জিয়ারত / অবসরের পর সেলফি / অঘোরে ঘুমিয়ে চন্দ্রকণা ইত্যাদি ছাড়াও প্রকাশিত হয়েছে তাঁর শ্রেষ্ঠ কবিতা এবং কবিতাসংগ্রহও। বিশিষ্ট এই কবি ও গবেষকের ২০টিরও অধিক গবেষণা ও সংকলনগ্রন্থ প্রকাশিত হয়েছে। ১০০টিরও অধিক সংকলনগ্রন্থে মুদ্রিত হয়েছে তাঁর কবিতা। জাতীয় কবিতা উৎসব, ঢাকা, টাঙ্গাইল এবং দরিয়ানগর কবিতা উৎসবে আমন্ত্রিত কবি হিসাবে বেশ কয়েকবার বাংলাদেশ সফর করেছেন। কয়েকটি উল্লেখযোগ্য পুরস্কারে সম্মানিত হয়েছেন নির্জনতাপ্রিয় এই কবি ও গবেষক।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।