এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মতে, চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হতে পারে ৬.৫ শতাংশ। সর্বশেষ ২০২২-২৩ অর্থবছরে ৬ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় চলতি অর্থবছরে এ অর্জন বেশি হবে—এই পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে মূল্যস্ফীতি কমারও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
গতকাল বুধবার (২০শে সেপ্টেম্বর) এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।
বলা হয়েছে, মূল্যস্ফীতি ২০২২-২৩ অর্থবছরের ৯ শতাংশ থেকে কমে চলতি অর্থবছরে ৬.৬ শতাংশে নেমে যেতে পারে।
এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং বলেছেন, সরকার বাহ্যিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে তুলনামূলক ভালোভাবে কার্যক্রম পরিচালনা করছে।