শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক পিএলসি’র শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ তদন্ত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) বিএসইসির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
এই প্রথম কোন কোম্পানিকে অস্বাভাবিক দর বৃদ্ধি হওয়ার সময়ই তদন্তের নির্দেশ দিল বিএসইসি। আগে দেখা যেত অস্বাভাবিক দর বাড়ার অনেক পরে তদন্তের নির্দেশ দিত এবং ১/২ বছর পরে জরিমানা করত সেই সব কোম্পানির।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি ইসলামী ব্যাংকের শেয়ারদর ও লেনদেন বেড়েছে, যা অস্বাভাবিক ও সন্দেহজনক। এ পরিস্থিতিতে ডিএসইকে ব্যাংকটির লেনদেন সম্পর্কে তদন্ত করার নির্দেশ দেয়া হলো। সাম্প্রতিক সময়ে ব্যাংকটির শেয়ারদর ও লেনদেনের অস্বাভাবিক বৃদ্ধির কারণগুলো (বাজারের কারসাজি, ইনসাইডার ট্রেডিং ও অন্যান্য বাজারের অপব্যবহারসহ) চিহ্নিত করে ৩০ কার্যদিবসের মধ্যে বিএসইসির সার্ভিলেন্স বিভাগে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হলো।