অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে ২০১৮ সালের পর প্রায় দীর্ঘ চার বছর টি-টোয়েন্টিতে দেখা যায়নি। কিন্তু সেই মিরাজই ২০২৪ টি-টোয়েন্টিতে বিশ্বকাপ দলে ঢুকে যাওয়ার সম্ভাবনা জেগেছে!
গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন মিরাজ। সাতে নামেন বলে এমনিতেও ব্যাটিংয়ের সুযোগ খুব একটা পান না। বিস্ময়করভাবে ১৬ জুলাইয়ের ম্যাচে বলও করেননি তিনি।
এরপর বাংলাদেশ তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছেন, কোনো সিরিজেই ছিলেন না মিরাজ। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেননি। বিপিএল বিজয়ী দলে খেললেও শ্রীলঙ্কার বিপক্ষে ছিলেন না। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে দুই দফায় ঘোষিত ২০ জন ক্রিকেটারের স্কোয়াডেও জায়গা হয়নি।
আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি সিরিজ ও বিশ্বকাপের দল ঘোষণা করা হবে দুপুর সাড়ে ১২টায়। বিভিন্ন সূত্র জানাচ্ছে, মূল ১৫ জনের দলের সঙ্গে বিকল্প যেকজন খেলোয়াড় নেওয়া হবে, তাতে একটি নাম মিরাজের হতে পারে।
বাংলাদেশের টপ অর্ডারে একমাত্র ডানহাতি লিটন দাস। তাঁর ফর্মের কথা ভেবেই নাকি ডানহাতি ব্যাটসম্যান মিরাজকে বিবেচনা করা হচ্ছে। বিশ্বকাপের চূড়ান্ত দল ঠিক করার জন্য ২৪ মে পর্যন্ত সময় পাবে বিসিবি। ফলে যুক্তরাষ্ট্র সিরিজের পর বিশ্বকাপ দলে সুযোগ হয়েও যেতে পারে মিরাজের।
অথচ জিম্বাবুয়ে সিরিজের আগে বিশ্বকাপ দল প্রায় চূড়ান্ত বলেই মনে হয়েছিল। পেসার তাসকিন আহমেদের চোট, লিটনের ফর্ম হারানোর মতো কিছু বিষয় নির্বাচকদের পরিকল্পনায় একটু বাধ সেধেছে। আগামী ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত চলা যুক্তরাষ্ট্র সিরিজের জন্য ঘোষিত দল থেকেই চূড়ান্ত ১৫ ক্রিকেটার বেছে নেওয়া হবে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্র সিরিজে খেলতে না পারলেও বিশ্বকাপের দলে তাসকিন থাকবেন বলে জানা গেছে। জিম্বাবুয়ে সিরিজের আগে চট্টগ্রামের প্রস্তুতি ক্যাম্প বা জিম্বাবুয়ে সিরিজে না থাকা একমাত্র ক্রিকেটার হিসেবে যুক্তরাষ্ট্র সিরিজের দলে শুধু মিরাজেরই থাকার সম্ভাবনা আছে। দলে না থাকলেও ক্যাম্পে থাকা হাসান মাহমুদেরও সম্ভাবনা আছে দলে ঢুকে পড়ার। তাসকিনের চোট ও জিম্বাবুয়ের বিপক্ষে সাইফউদ্দিনের অকাতরে রান দেওয়া হাসান মাহমুদের ব্যাপারে নির্বাচকদের আগ্রহী করে তুলেছে।
সম্ভাব্য ১৮ জনের দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, সৌম্য সরকার, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।