দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৮৭ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংক গতকাল রোববার (২৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুসারে দেশের নিট রিজার্ভ বর্তমানে ২৫ দশমিক ৮৭ বিলিয়ন ডলার বলে উল্লেখ করা হয়। কারণ, মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে প্রকৃত রিজার্ভের হিসাব পাওয়া যায়। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের একটি অভ্যন্তরীণ সূচক রয়েছে, যাকে ব্যয়যোগ্য রিজার্ভ বলা হয়। এখানে এসডিআর খাতে থাকা ডলার, ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা ক্লিয়ারিং হিসাব এবং আকুর বিল বাদ দিয়ে ব্যবহারযোগ্য রিজার্ভ নির্ধারণ করা হয়। তবে এ হিসাব আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে না কেন্দ্রীয় ব্যাংক।
রেমিট্যান্স ও রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি এবং টানা ১০ মাস রিজার্ভ থেকে ডলার বিক্রি না করায় বৈদেশিক মুদ্রাবাজারে স্বস্তি ফিরেছে। একইসঙ্গে আমদানি ব্যয় নিয়ন্ত্রণে থাকায় ও ডলারের চাহিদা কমায় টাকার বিপরীতে ডলারের দাম সাম্প্রতিক সময়ে কিছুটা কমেছে। তবে বিনিময় হার যাতে অতিরিক্ত কমে না যায়, সে জন্য বাংলাদেশ ব্যাংক চলতি মাসে নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ডলার কিনেছে।
অর্থনৈতিক সংস্কার, বাজেট সহায়তা ও বৈদেশিক ঋণের কারণে সাম্প্রতিক সময়ে কয়েক বিলিয়ন ডলার বৈদেশিক সহায়তাও দেশে আসছে। ফলে রিজার্ভ ধীরে ধীরে বাড়ছে।
উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে বাংলাদেশের রিজার্ভ ইতিহাসে সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। তবে পরবর্তী সময়ে করোনোত্তর আমদানি ব্যয় বৃদ্ধি, বাণিজ্য ঘাটতি ও ডলার সংকটে পড়ায় রিজার্ভ ক্রমশ কমতে থাকে। সেই চাপ মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি শুরু করে।
রিজার্ভ সংকট কাটাতে বাংলাদেশ ২০২২ সালের জুলাইয়ে আইএমএফের কাছে ৪৭০ কোটি ডলারের ঋণ সহায়তা চাইতে বাধ্য হয়। মূলত চলতি হিসাবের ঘাটতি, টাকার অবমূল্যায়ন ও রিজার্ভ কমে যাওয়া—এসব কারণে তৎকালীন সরকার এ সহায়তার আবেদন করে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।