জোনাকিরা জ্বলে নেভে
গভীর অন্ধকারে যে বাঁশির সুর
ঘুম ভাঙিয়ে দেয়,
তাকে বুকে তানপুরায় ধরে রাখার কথা
ভাবতে পারিনি।
শীতের স্টেশনে ছেঁড়া কাঁথার ভেতর
থরথর কাঁপতেথাকা
একটি বালক শুধু অঘোরে ঘুমিয়ে পড়ে
সেই সুর শুনে ।
আমি কি তাকে একটি কম্বল উপহার দেওয়ার কথা
ভেবেছি কখনো?
জোনাকিরা জ্বলে নেভে, জ্বলে নেভে
সারারাত।
আমি তো জানিনা সেই গান
যার ভেতর তারা অনায়াসে
ঘুমিয়ে পড়তে পারে ।
সে আমাকে পৌঁছে দিয়েছে
তোমারই ঠিকানায়, সে আসলে ঠিক কোথায়
আমাকে নিয়ে যেতে চেয়েছিল
জানিনা এখনও!
মন খারাপের খুচরো পয়সাগুলি খরচ করার কথা
ভাবিনি এখনও ।
আর সোনার শিকলে জীবন
বেঁধে রাখার কথা?
আরও পড়ুন… কবি আরফিনার কবিতা ‘কান্না’
কবি টিএম মিলজার হোসেনের দুইটি কবিতা
কবি রফিক উল ইসলামের কবিতা ‘ঘর’
Author
-
তরুণ প্রজন্মের দ্বিতীয় দশকের কবি আরফিনা। তাঁর জন্ম ৮ সেপ্টেম্বর ১৯৯৫ পশ্চিমবঙ্গের দঃ ২৪ পরগনা জেলায়। প্রবল ব্যক্তিসত্তার অন্তর্মুখী ভাবনা তাঁর কবিতার প্রধান অবলম্বন। কখনো বা তিনি কিছুটা প্রথাভাঙা। অসহায়তা আর বেদনাতুর জীবনের পর্বে পর্বে লুকিয়ে থাকে যে অসাম্য, সেই সব ক্ষতস্থানেও তিনি কিছুটা আলো ফেলতে চান। তিনি উচ্চারণ করেন তাঁর নিজস্ব বোধের ঘরানাকে সঙ্গী করে। ঝরে পড়া অভিমানও তাঁর কবিতাকে জোনাক-দীপ্ত করে তোলে। আরফিনা জোনাকি নামে একটি কবিতাপত্রের সম্পাদনা করে থাকেন।
View all posts