রাজধানীর সবচেয়ে বড় বাজার কারওয়ান বাজারে প্রতিদিন মানুষ ছুটে যান সব ধরনের নিত্যপণ্য কিনতে। সেখানে গতকাল রোববার(১৭ই মার্চ) দেখা গেছে, সরকারি দাম নির্ধারিত করা হলেও, বাস্তবে বাজার নেই।
২০১৮ সালের কৃষি বিপণন আইনের অধীনে গত শুক্রবার ২৯টি পণ্যের দাম নির্ধারণ করে সরকার। কৃষি বিপণন অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য এবং কৃষি মন্ত্রণালয় যৌথভাবে এ উদ্যোগ বাস্তবায়ন করবে। উভয় মন্ত্রণালয়ের কর্মকর্তারা মাঠে উপস্থিত থাকবেন এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা কৃষি বিপণন আইন প্রয়োগ করবেন, যার মধ্যে জরিমানাসহ বিভিন্ন মেয়াদে শাস্তির বিধান রয়েছে।
দাম নির্ধারণের দ্বিতীয় দিনে গতকালও বাজারে বাস্তবায়ন দেখা যায়নি। পণ্যের বেশির ভাগই সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি টাকায় বিক্রি হচ্ছে। উলটো গতকাল কিছু পণ্যের দাম বেড়ে গেছে।
আরও পড়ুন…
ঢাকায় যেসব স্থানে কম দামে পাওয়া যাচ্ছে গরু, খাসি, মুরগির মাংস ও ডিম
দামের লাগাম টানতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাঠে থাকলেও কৃষি বিপণন অধিদপ্তরের কেউ নেই। দাম নির্ধারণ করে দিয়ে বিপণনের কর্মকর্তারা ঘরে বসে আছেন। তবে কৃষি বিপণন অধিদপ্তরের নির্ধারিত মূল্য তদারকি করছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ২৭টি টিম সারাদেশে ৭৫টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।
এমন পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন সীমিত ও নিম্ন আয়ের পরিবারের মানুষ। চাকরিজীবী বা সীমিত আয়ের অনেকে খরচ পোষাতে আগের তুলনায় অর্ধেক পরিমাণে পণ্য কিনছেন। স্বামী-স্ত্রী দু’জন চাকরি করেন, এমন পরিবারেও চলছে টানাটানি। অনেকে খরচ কমাতে বাড়িতে ভালো খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছেন।
বাজারে পণ্যের দাম সহনীয় রাখতে রোজার আগে চাল, চিনি, তেল ও খেজুরে শুল্ক ও কর কমায় সরকার। এরপরও দাম নিয়ন্ত্রণে আসেনি। বরং রমজানকে ঘিরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হু হু করে বাড়তে থাকে। বাধ্য হয়ে শুক্রবার গরুর মাংস, ছোলা, ব্রয়লার মুরগিসহ ২৯টি নিত্যপণ্যের দাম বেঁধে দেয় সরকার। তাতেও সুফল মেলেনি।
আরও পড়ুন…
নিম্নমানের খেজুর বলা ঠিক হয়নি, চাইলেন ক্ষমা বাণিজ্য প্রতিমন্ত্রী
গতকাল বাজার ঘুরে দেখা যায়, আগের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে পণ্য। ক্ষুব্ধ ক্রেতারা বলছেন, শুধু দাম নির্ধারণ করে দিয়েই দায় সারছে সরকার। দ্রব্যমূল্যের লাগাম টানতে সরকার শুধু কঠোর হুঁশিয়ারির কথা মুখে বলে কিন্তু তার প্রয়োগ নেই বাজারে। নিয়মিত তদারকি বাড়ানো, প্রয়োজনে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও সক্রিয়ভাবে বাজার মনিটরিংয়ে নামানোর দাবি জানান তারা।
গতকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে রাজধানীর টিসিবি ভবনে আলোচনা অনুষ্ঠান শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সাংবাদিকদের বলেন, দাম নির্ধারণের সঙ্গে সঙ্গে তা বাস্তবায়ন করা কঠিন। তবে বাজারে এসব নিত্যপণ্যের দাম যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে কাজ করছে সরকার। এ জন্য কৃষি বিপণন অধিদপ্তর, ভোক্তা অধিদপ্তর, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা একসঙ্গে কাজ করবেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।