ঢাকার চলচ্চিত্র থেকে মাথা তুলে দাঁড়ানোর পর ভিনদেশে কিংবা আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি, স্বীকৃতি পাওয়া তারকার সংখ্যা একেবারে তলানিতে। সেই খাঁ খাঁ অধ্যায়ে একটি উজ্জ্বল নাম ফরিদা আক্তার পপি। তবে এই নামে তিনি পরিচিত নন, তার খ্যাতি ববিতা নামে। যেই নামে তিনি ঢাকা থেকে বাংলাদেশের পুরো মানচিত্র তো বটে, আন্তর্জাতিক পরিমণ্ডলেও পেয়েছেন পরিচিতি।
সত্তর ও আশির দশকে নায়িকা হিসেবে তার অবস্থান ছিল দাপুটে। এরপর জ্যেষ্ঠ চরিত্রেও নিজেকে প্রমাণ করেছেন, কুড়িয়েছেন জনপ্রিয়তা ও সম্মাননা, সমান্তরালে। আজ রবিবার (৩০ জুলাই) নিজেকে সময়ের ঊর্ধ্বে নিয়ে যাওয়া এই তারকার জন্মদিন। ১৯৫৩ সালের এই দিনে বাগেরহাটে জন্মগ্রহণ করেছিলেন তিনি।

জন্মদিনে ববিতা অবস্থান করছেন কানাডায়। সেখানে একমাত্র ছেলে অনিকের সঙ্গেই কাটছে তার বিশেষ দিন। ছেলের সুবাদে বছরের বেশিরভাগ অংশ কানাডাতেই থাকেন তিনি।

নায়িকা চরিত্রে ববিতার প্রথম সিনেমা ‘শেষ পর্যন্ত’ মুক্তি পায় ১৯৬৯ সালে। রূপ-গ্ল্যামারের পাশাপাশি অভিনয়গুণে সমসাময়িক অন্যদের চেয়ে এগিয়ে যান ববিতা। যার সুবাদে কাজ করেছিলেন অস্কারজয়ী কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা ‘অশনি সংকেত’-এ। এই ছবি তাকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়।
গোটা ক্যারিয়ারে আড়াই শতাধিক সিনেমায় অভিনয় করেছিলেন ববিতা। এরমধ্যে কয়েকটি হলো- ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, ‘আবার তোরা মানুষ হ’, ‘ধীরে বহে মেঘনা’, ‘আলোর মিছিল’, ‘লাঠিয়াল’, ‘নয়নমণি’, ‘সূর্যগ্রহণ’, ‘অনন্ত প্রেম’, ‘গোলাপি এখন ট্রেনে’, ‘ডুমুরের ফুল’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘নতুন বউ’, ‘তিন কন্যা’, ‘দহন’, ‘জীবন সংসার’, ‘মায়ের অধিকার’, ‘স্বপ্নের পৃথিবী’ ইত্যাদি।

শ্রেষ্ঠ অভিনেত্রী, শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের অভিনেত্রী ও শ্রেষ্ঠ প্রযোজক ক্যাটাগরিতে মোট সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। একই পুরস্কারে ২০১৬ সালে পেয়েছেন আজীবন সম্মাননা। এছাড়া দেশ-বিদেশের আরও বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন এই কিংবদন্তি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।