আজ বিকাল সাড়ে ৪টায় শেষ হচ্ছে দেশের প্রথম এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ETF) লংকাবাংলা এলবি মাল্টি অ্যাসেট ইনকাম ইটিএফের ইলেকট্রনিক সাবস্ক্রিপশন ।
গত ২৪ এপ্রিল এটি শুরু হয়েছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে যোগ্য বিনিয়োগকারীদের কাছে মূলধন সংগ্রহের উদ্দেশে প্রতিষ্ঠানটির সাবস্ক্রিপশন ১২-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল।
তথ্য অনুসারে, প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ফান্ডটির ৭০ কোটি টাকা মূলধন সংগ্রহ করা হবে। প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। ন্যূনতম সাবস্ক্রিপশনের পরিমাণ ১ লাখ টাকা। সর্বোচ্চ সীমা ৫০ কোটি টাকা।
উল্লেখ্য, বিএসইসির গত ৮৪৯তম কমিশন সভায় লংকাবাংলা ইটিএফটির অনুমোদন দেয়া হয়েছে। ইটিএফটি ডিএসইতে অন্য যেকোনো শেয়ারের মতোই লেনদেন করা যাবে। ইটিএফটির দর নির্ধারণ ও তারল্য সরবরাহের ক্ষেত্রে অথরাইজড পার্টিসিপ্যান্টরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। বিধি অনুসারে ইটিএফটির বাজারদর যাতে এর দৈনিক নিট সম্পদমূল্যের (এনএভি) ১০ শতাংশের বেশি না কমে সেটি নিশ্চিত করবে অথরাইজড পার্টিসিপ্যান্টরা। এ বছরের শেষের দিকে ইটিএফটির লেনদেন শুরুর প্রত্যাশা করা হচ্ছে।
ইটিএফটির উদ্যোক্তা লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড। সম্পদ ব্যবস্থাপক লংকাংবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। ট্রাস্টি হিসেবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) ও কাস্টডিয়ান হিসেবে ব্র্যাক ব্যাংক দায়িত্ব পালন করছে। এর অথরাইজড পার্টিসিপ্যান্টস হিসেবে রয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ, গ্রিন ডেল্টা সিকিউরিটিজ ও ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড।
ফান্ডটির প্রাথমিক আকার হবে ১০০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা প্রতিষ্ঠান লংকাবাংলা ইনভেস্টমেন্টস ১০ কোটি ও সম্পদ ব্যবস্থাপক লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট ২ কোটি টাকা বিনিয়োগ করবে। বাকি অর্থ প্রাইভেট প্লেসমেন্ট ও পাবলিক অফারের মাধ্যমে সংগ্রহ করা হবে।