সামিট গ্রুপের মালিকানাধীন সামিট মেঘনাঘাট-১ পাওয়ার কোম্পানি লিমিটেড ও সামিট মেঘনাঘাট-২ পাওয়ার কোম্পানি লিমিটেডের এমডি ও সিইও হিসেবে মো. রিয়াজ উদ্দীনকে নিয়োগ দেয়া হয়েছে।
২০১১ সাল থেকে তিনি সামিট গ্রুপের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কর্মরত রয়েছেন।
এমডি ও সিইও হিসেবে নিয়োগ পাওয়ার আগে মো. রিয়াজ উদ্দীন সামিট মেঘনাঘাট-২ পাওয়ার কোম্পানি লিমিটেডের সিইও এবং সামিট মেঘনাঘাট পাওয়ার কোম্পানি লিমিটেড ও সামিট বিবিয়ানা পাওয়ার কোম্পানি লিমিটেডে সিওওর দায়িত্ব পালন করেছেন। বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন, অংশীদারদের সঙ্গে উচ্চপর্যায়ের পর্যালোচনা এবং বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণে তার রয়েছে ৩২ বছরের অভিজ্ঞতা।
দীর্ঘ কর্মজীবনে মো. রিয়াজ উদ্দীন প্রায় ২ হাজার ৮০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়ন, অর্থায়ন, নির্মাণ ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়া বাংলাদেশে ১ দশমিক ১ বিলিয়ন ডলারের বেশি প্রকল্প অর্থায়নে অবদান রেখেছেন।
১৯৯২ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করার পর মো. রিয়াজ উদ্দিন বহুজাতিক সার উৎপাদনকারী প্রতিষ্ঠান কাফকোতে কর্মজীবন শুরু করেন। ২০০০ সালে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক বিদ্যুৎ কোম্পানি এইএস করপোরেশনে যোগ দেন। কর্মজীবনে তিনি দুটি প্রকল্পে জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালনসহ পাওয়ারটেক বেরহাদ, সিডিসি গ্লোবেলেক, এইএস করপোরেশনে কর্মরত ছিলেন। মো. রিয়াজ উদ্দীন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।