সোনার দাম আবার রেকর্ড ছুঁয়েছে দেশের বাজারে। এ দফায় ভরি প্রতি দাম বেড়েছে ৩ হাজার৩৩ টাকা। তাতে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ৬৫ হাজার ২০৯ টাকায়। দেশের বাজারে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।
গতকাল বুধবার (১৬ এপ্রিল) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদবিজ্ঞপ্তিতে নতুন করে সোনার দাম বাড়ানোর কথা জানায়।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় নতুন করে আবার দাম সমন্বয় করা হয়েছে।
নতুন দাম আজ (১৭ এপ্রিল) বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।
সর্বশেষ গত রবিবার সোনার দাম ভরি প্রতি ১ হাজার ৩৮ টাকা কমিয়েছিল জুয়েলার্স সমিতি। তাতে প্রতি ভরি সোনার দাম কমে হয় ১ লাখ ৬২ হাজার ১৭৬ টাকা। এ গতকাল পর্যন্ত সোনা বিক্রি হয়েছে। এর আগে ১২ এপ্রিল মূল্য বৃদ্ধির পরে সোনার ভরি সর্বোচ্চ ১ লাখ৬৩ হাজার ২১৪ টাকায় উঠেছিল। এত দিন দেশের বাজারে সেটিই ছিল সোনার সর্বোচ্চ দাম।
বাজুসের নতুন সিদ্ধান্তের ফলে আজ থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৬৫ হাজার ২০৯ টাকা, ২১ ক্যারেট ১লাখ ৫৭ হাজার ৬৯৭ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৩৫ হাজার ১৭৪ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে ১ লাখ ১১ হাজার ৬৬০ টাকায়।
এদিকে আজ পর্যন্ত প্রতি ভরি হলমার্ক করা ২২ ক্যারেট সোনা ১ লাখ ৬২ হাজার ১৭৬ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৫৪ হাজার ৮০৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৩২ হাজার ৬৯০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৯ হাজার ৫৩৭ টাকায় বিক্রি হয়েছে।
সেই হিসাবে আগামীকাল থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনায় ৩ হাজার ৩৩ টাকা, ২১ক্যারেটে ২ হাজার ৮৯২ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৪৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ২ হাজার ১২৩ টাকা দাম বাড়বে।
জানা গেছে যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপের প্রেক্ষাপটে বিশ্ববাজারে সোনার দামে অস্থিরতা তৈরি হয়েছে। সোনার দামে বড় ধরনের উত্থান ও পতন দেখা যাচ্ছে। সর্বশেষ চলতি সপ্তাহে বিশ্ববাজারে প্রথমবার প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ৩০০ ডলারের মাইলফলক স্পর্শ করেছে।
আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়ছে। দেশে মূল্যবৃদ্ধির জন্যতেজাবি সোনার মূল্যবৃদ্ধির কথা বললেও মূলত বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ায় দেশেও দাম বাড়ানো হয়েছে বলে জানান বেশ কয়েকজন স্বর্ণ ব্যবসায়ী। এদিকে দফায় দফায় সোনার দাম বেড়ে রেকর্ড উচ্চতায় উঠে যাওয়ায় সোনার বেচাকেনা কমে গেছে বলে জানিয়েছেন স্বর্ণব্যবসায়ীরা। ক্রেতারাও বাধ্য না হলে সোনার দোকানে যাচ্ছেন না।
জানা গেছে, সোনার দাম বেড়ে যাওয়ায় দুই মাস ধরে জুয়েলারি প্রতিষ্ঠানের ব্যবসা স্বাভাবিক সময়ের তুলনায় ৭০ শতাংশ কমে গেছে। এভাবে সোনার দাম বাড়তেই থাকলে দেশের তৃণমূল পর্যায়ের স্বর্ণ ব্যবসায়ীরা ব্যবসা করতে হিমসিম খাবেন।