বাংলাদেশের ভক্তরা ভালোবেসে তাকে ডাকে ‘গুরু’। আজ সেই রকস্টার নগরবাউল জেমসের জন্মদিন। ১৯৬৪ সালের এ দিনে তিনি পৃথিবীতে এসেছিলেন। রকস্টার আজ পা রেছেছেন ৬০ বছরে।
জেমসের পুরো নাম ফারুক মাহফুজ আনা, জন্ম রাজশাহীর নওগাঁয়। তবে বেড়ে ওঠা চট্টগ্রামে। বাবা মোজাম্মেল হক ছিলেন সরকারি চাকুরে। এই সুবাদে জেমসের প্রথম স্কুল ছিল সিলেটের ব্লু বার্ড স্কুল। তারপর রাজশাহী কলেজিয়েট স্কুল। আর নীলফামারী ও সিরাজগঞ্জের কলেজজীবনে কেটেছে দুর্দান্ত সময়।
ছোটবেলা থেকেই গানের প্রতি ভীষণ আগ্রহী ছিলেন। আর কলেজজীবনের পরই জেমসের মাথায় ঢোকে গানের পোকা। কিন্তু বাদ সাধে পরিবার। বড় ছেলে জেমস গায়ক হোক, সেটা চাননি তাঁর বাবা মোজাম্মেল হক এবং মা জাহানারা খাতুন। ফলে অভিমানী জেমসকে একসময় ঘর ছেড়ে পথে নামতে হয়। গানে গানে তিনি বলেন, ‘পথের বাপই বাপ রে মনা, পথের মা-ই মা।’
Prem O Grina | James | Prince Mahmud | Zero Degree
ঘরছাড়া সেই ছেলেটির ঠিকানা হয়ে যায় চট্টগ্রামের কদমতলীর পাঠানটুলী রোডের মতিয়ার পুলের আজিজ বোর্ডিং। এর ৩৬ নম্বর কক্ষে থাকতেন তিনি। সেখানেই গান-বাজনা আর গিটারে দিনরাত কেটেছে জেমসের। এক সাক্ষাৎকারে তিনি বলছিলেন, ‘আড্ডা আর গান যা-ই হোক না কেন, সব ওখানেই। আজিজ বোর্ডিংয়ের দিনগুলো কখনো ভুলব না।’
আজিজ বোর্ডিং থেকেই শুরু হয় তাঁর সংগীত ক্যারিয়ার। এহসান এলাহী ফানটি ও কিছু বন্ধুদের নিয়ে প্রতিষ্ঠা করেন ‘ফিলিংস’ নামক একটি ব্যান্ড এবং ব্যান্ডের প্রধান গিটারিস্ট ও ভোকালিস্ট হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন জেমস। তবে পরবর্তীতে তিনি ফিলিংস ব্যান্ডের নাম পরিবর্তন করে নতুন নাম দেন ‘নগরবাউল’।

প্রসঙ্গত, ১৯৮০ সালে জেমস প্রতিষ্ঠা করেন ফিলিংস। ১৯৮৭ সালে প্রকাশ পায় তাঁদের প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’। ১৯৮৮ সালে ‘অনন্যা’ নামের একক অ্যালবাম প্রকাশ করে সুপারহিট হয়ে যান জেমস।
এরপর ১৯৯০ সালে ‘জেল থেকে বলছি’, ১৯৯৬ সালে ‘নগর বাউল’, ১৯৯৮ সালে ‘লেইস ফিতা লেইস’, ১৯৯৯ সালে ‘কালেকশন অব ফিলিংস’ অ্যালবামগুলো প্রকাশ পায়। এরপর ‘ফিলিংস’ ভেঙে জেমস গড়ে তোলেন নতুন লাইনআপে ব্যান্ড নগরবাউল। এই ব্যান্ড ‘দুষ্টু ছেলের দল’ ও ‘বিজলি’ অ্যালবাম দুটির মধ্যেই আটকে যায়।
২০০৪ সালে কলকাতার সংগীত পরিচালক প্রীতমের সঙ্গে কাজ করেন জেমস। ২০০৫ সালে বলিউডের ‘গ্যাংস্টার’ সিনেমায় প্লেব্যাক করেন তিনি। এরপর ২০০৬ সালে আবারও বলিউড সিনেমা ‘চল চলে’ গানে কণ্ঠ দেন। ২০০৭ সালে তিনি ‘লাইফ ইন এ মেট্রো’ সিনেমায় প্লেব্যাক করেন। তাঁর প্রকাশ পাওয়া সবশেষ গান ‘সবই ভুল’। ২০২৩ সালের ঈদুল ফিতরের চাঁদ রাতে এটি প্রকাশ পায়।
‘দুখিনী দুঃখ করো না’, ‘পাগলা হাওয়া’, ‘সুন্দরীতমা’, ‘জানালা ভরা আকাশ’, ‘পদ্ম পাতার জল’, ‘এক নদী যমুনা’, ‘হতেও পারে’, ‘রাখেনি আমায় কেউ’, ‘সেলাই দিদিমণি’, ‘আসবার কালে আসলাম একা’, ‘দশ মাস দশ দিন’—এমন অসংখ্য গানে শ্রোতাদের হৃদয়ে তিনি মধ্যমণি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।